
সিদ্ধিবিনায়ক ও প্রসাদের প্যাকেটে ইঁদুর।
শেষ আপডেট: 24 September 2024 16:25
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরের পর এবার মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দির। শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরের প্রসাদের প্যাকেটে দেখা মিলল স্বয়ং সিদ্ধিদাতার বাহনছানাদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্র সহ দেশের তামাম ভক্তদের মধ্যে। যদিও মন্দির কর্তৃপক্ষ শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ট্রাস্ট এই অভিযোগ অস্বীকার করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার শিবসেনা নেতা এবং ট্রাস্টের চেয়ারপার্সন সদা সর্বঙ্কর সাংবাদিকদের সামনে এই দাবি করেন। তিনি বলেন, প্রতিদিন কয়েক লক্ষ লাড্ডু বিলি করা হয়। যে স্থানে লাড্ডু প্রস্তুত করা হয় তা অত্যন্ত সাফসুতরো। কিন্তু, ভিডিওতে যে ছবি দেখা গিয়েছে, তা অত্যন্ত নোংরা। আমি দেখেছি যে এটা মন্দিরের ওই জায়গা নয়। বাইরে কোথাও থেকে ছবিটি তোলা হয়েছে। ভিডিওতে একটি নীল রঙের ট্রে ছেঁড়া প্যাকেটের মধ্যে ইঁদুর ছানা রয়েছে বলে দেখা গিয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
After #TirupatiLaddu , Mumbai's famous #Siddhivinayak temple is in limelight.
— Darshan Rana (@yours_darsh) September 24, 2024
Few images are being viral where Rat cubs can be seen in the Mahaprasad of the temple. On the clarification sought on these pictures, Temple Trust Secretary Veena Patil has said that these pictures… pic.twitter.com/8qGlEQzLtr
সর্বঙ্কর আরও বলেন, মন্দির কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ভিডিওর উৎস সন্ধানের চেষ্টা করবে। তিনি আশ্বস্ত করে বলেন, তদন্ত করবেন ডিসিপি পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক। যে বা যারা এই কাজের জন্য দায়ী তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। সর্বঙ্কর আরও জানান, প্রসাদ তৈরিতে সবরকমের খাদ্য নিরাপত্তাবিধি মেনে চলা হয়।
তাঁর দাবি, লাড্ডুতে ব্যবহৃত ঘি, কাজু সহ অন্যান্য সামগ্রী কঠোরভাবে পরীক্ষা করা হয়। বৃহন্মুম্বই পুরসভার পরীক্ষাগারে এগুলির পরীক্ষা করে দেখা হয়। অর্থাৎ ভক্তদের যে প্রসাদ বিলি করা হয়, তার বিশুদ্ধতা ও পবিত্রতা রক্ষায় সর্বদা আমরা নজর রাখি।