শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে দেশের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।

সিপি রাধাকৃষ্ণন
শেষ আপডেট: 11 September 2025 23:28
দ্য ওয়াল ব্যুরো: ১২ সেপ্টেম্বর, শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে দেশের নতুন উপ-রাষ্ট্রপতি (Vice President) হিসেবে শপথ (Oath) নেবেন সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
এনডিএ সূত্রে খবর, পণ্ডিতের পরামর্শে সকালেই শপথগ্রহণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হবে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়ে দেশের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট।
রাজ্যসভার সচিব জেনারেল ও রিটার্নিং অফিসার পি.সি. মোদী জানান, মোট ৭৮১ সাংসদের মধ্যে ৭৬৭ জন ভোট দেন। উপস্থিতির হার ছিল ৯৮.২ শতাংশ। বৈধ ভোট ছিল ৭৫২টি, ১৫টি ভোট অবৈধ ঘোষণা হয়। ফলে জয় পেতে প্রয়োজনীয় প্রথম পছন্দের ভোটের সংখ্যা দাঁড়ায় ৩৭৭।
কাগজে-কলমে এনডিএর সমর্থন ছিল ৪২৭ ভোট। তবে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি-র ১১ সাংসদও রাধাকৃষ্ণনকে ভোট দেন। আশ্চর্যের বিষয়, প্রত্যাশার চেয়ে ১৪ ভোট বেশি পান এনডিএ প্রার্থী। ফলে বিরোধী শিবিরে ক্রস ভোটিংয়ের জল্পনা তৈরি হয়েছে।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছে একক হস্তান্তরযোগ্য পদ্ধতিতে। সাংসদরা ব্যালট পেপারে প্রথম ও দ্বিতীয় পছন্দের প্রার্থীর নাম চিহ্নিত করেন। যে প্রার্থী সর্বাধিক প্রথম পছন্দের ভোট পাবেন, তাঁকে জয়ী ঘোষণা করা হয়। প্রার্থীরা সমান প্রথম পছন্দের ভোট পেলে গোনা হয় দ্বিতীয় পছন্দের ভোট। এর মধ্যেই নজর ছিল সম্ভাব্য ক্রস ভোটিংয়ের দিকে।
ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে লেখেন, “থিরু সি.পি. রাধাকৃষ্ণনজি-কে অভিনন্দন। সমাজসেবা ও গরিব-প্রান্তিক মানুষকে ক্ষমতায়নই তাঁর জীবনের মূল লক্ষ্য ছিল। আমি নিশ্চিত, তিনি একজন অসাধারণ উপ-রাষ্ট্রপতি হবেন, যিনি সংবিধানের মূল্যবোধকে আরও দৃঢ় করবেন এবং সংসদীয় আলোচনাকে সমৃদ্ধ করবেন।”
উল্লেখ্য, এই নির্বাচনে ১৩ সাংসদ ভোটদান থেকে বিরত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিজু জনতা দলের ৭ জন, ভারত রাষ্ট্র সমিতির ৪ জন, শিরোমণি অকালি দলের ১ জন এবং এক জন নির্দল সাংসদ।
প্রসঙ্গত, গত জুলাই মাসে অসুস্থতার কারণে পদ ছাড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর স্থলাভিষিক্ত হবেন এই নির্বাচনের জয়ী প্রার্থী, যিনি আগামী পাঁচ বছরের জন্য দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।