
শেষ আপডেট: 7 November 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: ১০ মাস ধরে আংশিকভাবে পক্ষাঘাতে আক্রান্ত একটি বাঁদরছানার চিকিৎসা করছিলেন এক পশু চিকিৎসক। কিন্তু বনদফতর ক'দিন আগেই সেটিকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। বাঁদরছানার চিকিৎসার প্রয়োজন আছে। তাই নিজের কাছে রেখতে চেয়ে মাদ্রাস হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিল আদালত।
পশু চিকিৎসকের নাম ভাল্লাইপ্পান। গত বছর ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বাঁদরছানার চিকিৎসা করেন তিনি। কয়েম্বাটোর থেকে উদ্ধার হওয়া বাঁদরছানাটির গায়ে একাধিক কুকুরের কামড়ের দাগ ছিল।
১০ মাস টানা চিকিৎসার মধ্যে থাকার পর অসুস্থ বাঁদরছানাকে চেন্নাইয়ের আরিগনর আন্না জুওলজিক্যাল পার্কে পাঠিয়ে দেয় বনদফতর। আদালতে তিনি জানান, বাঁদরছানাকে নিয়ে গেলেও কোনও রকম সেবা-শুশ্রূষার ব্যবস্থা করা হয়নি তাদের তরফে।
বাঁদরছানাটি এখনও পুরোপুরি সুস্থ নয়। চিকিৎসার প্রয়োজন রয়েছে। আদালতে এমনই আবেদন করেছিলেন ভালাইপ্পান। পশু চিকিৎসকের সেই আবেদনে সাড়া দিয়ে শনিবার মাদ্রাস হাইকোর্ট জানিয়ে দেয় ভালাইপ্পান বাঁদরছানার সঙ্গে দেখা করতে পারবেন। এরই পাশাপাশি চিকিৎসককে একটি অভিযোগ দায়ের করে রাখতেও বলেন। যাতে তাঁর আবেদনের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নিতে পারে।