
কড়া নিষেধাজ্ঞা
শেষ আপডেট: 30 March 2025 09:10
দ্য ওয়াল ব্যুরো: চৈত্র নবরাত্রি এবং রাম নবমী উপলক্ষে মাংস বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি করল উত্তর প্রদেশ সরকার। রবিবার থেকে শুরু হওয়া নবরাত্রির নয়দিন এবং ১৭ এপ্রিল রাম নবমীর দিন গোটা রাজ্যেই মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নবরাত্রির সময় কোনও ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংসের দোকান খোলা রাখা যাবে না। শুধুমাত্র নির্দিষ্ট শর্তে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলিতে মাছ-মাংস বিক্রি করা যাবে, তবে তা প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না। অন্যদিকে, রাম নবমীর দিন উত্তর প্রদেশের সর্বত্র মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মাংস বিক্রির এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের মুখ্যসচিব অমৃত অভিজিৎ জানিয়েছেন, প্রতিটি জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ধর্মীয় স্থানের আশেপাশে মাংস বিক্রি বন্ধ রাখতে বিশেষ নজরদারি চালানো হবে।
এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে যোগী সরকার। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, পরিবহন ও খাদ্য সুরক্ষা দফতরের যৌথ টিম নিয়ম লঙ্ঘন রোধে নজরদারি চালাবে। নবরাত্রির সময় ধর্মীয় স্থানগুলির পবিত্রতা বজায় রাখতে এবং মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যোগী সরকার।