
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 December 2024 09:58
দ্য ওয়াল ব্যুরো: বিমার টাকা হাতানোর জন্য এক ব্যক্তিকে গাড়ির মধ্যে জ্যান্ত পুড়িয়ে খুন চিকিৎসকের। উত্তরপ্রদেশের সাহারানপুরের সেই চিকিৎসক বিমার টাকা পাওয়ার জন্য তাঁর পরিচিত এক ব্যক্তিকে পুড়িয়ে খুন করেছেন, এমনটাই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ড. মুবরাক নামের ওই চিকিৎসক অনেক দিন ধরেই বিভিন্ন দেনায় ডুবে ছিলেন। ফলে তিনি বিমার টাকা পাওয়ার জন্য নিজেকে মৃত বলে দাবি করেন। তাঁর এই জালিয়াতি ধরা পড়ে গেলেই তিনি এই কাণ্ড ঘটান।
জানা গিয়েছে, ড. মুবরাকের প্রায় ৩০ লাখ টাকা দেনা ছিল, যাঁর মধ্যে ব্যক্তিগত ঋণ ও বিমার প্রিমিয়ামও ছিল। দেনা মেটানোর জন্য তিনি বিমার টাকা পাওয়ার জন্য নিজের মৃত, এমনটা প্রমাণ করেন। প্রথমে তিনি অজ্ঞাত একটি মৃতদেহ খুঁজে বার করতে চেয়েছিলেন, কিন্তু যখন তা পাওয়া যায়নি, তখন তিনি সোনু নামে এক পরিচিত ব্যক্তিকে টার্গেট করেন।
২২ ডিসেম্বর রাতে, ড. মুবরাক সোনুকে একটি রাস্তায় খাবারের দোকানে ডেকে নিয়ে মদ্যপান করান। পুলিশ জানায়, সোনুর পানীয়তে সেডেটিভ মিশিয়ে অচেতন করে দেন মুবরাক। এরপর তাঁকে তাঁর গাড়িতে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে গাড়ি পুড়িয়ে দেন। পরের দিন পুলিশ পুড়ে যাওয়া গাড়ি থেকে সোনুর দেহ উদ্ধার করে।
পুলিশ সোনুর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা ড. মুবরাকের নাম বলেন। তারপরেই জিজ্ঞাসাবাদ চলতে থাকে। অবশেষে মুবরাককে গ্রেফতার করে পুলিশ। তিনি খুনের কথা স্বীকারও করে নেন। পুলিশকে জানান, তিনি ঋণ শোধ করতে এবং বিমার টাকা পাওয়ার জন্য এই কাজ করেছেন।