মুসকান ও তার মা-বাবার ছবি
শেষ আপডেট: 22 March 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: জামাই সৌরভ রাজপুতকে (Saurav Rajput) নৃশংস খুনের ঘটনায় আগেই মেয়ে মেয়ের ফাঁসির দাবি জানিয়েছিলেন মুসকান রাস্তোগির (Muskan Rastogi) বাবা-মা (Parents)। পরিষ্কার জানিয়েছিলেন, জামাই অত্যন্ত ভাল মানুষ ছিল। মেয়েকেও অন্ধের মতো ভালবাসত। কিন্তু তাঁদের সম্পর্কের যে এমন পরিণতি হবে তা ঘুণাক্ষরে জানতে পারেননি বাবা প্রমোদ (Pramod Raastogi) ও মা কবিতা রাস্তোগি (Kavita Rastogi)। এবার সংবাদমাধ্যমের সামনে দুঃখপ্রকাশ করে মুসকানের মা বলেন, মেয়ে যদি নিজের সমস্যা একবার তাঁদের সঙ্গে ভাগ করে নিতেন তাহলে হয়তো এমন দিন দেখতে হত না।
কবিতা রাস্তোগি পরিষ্কার জানিয়ে দেন, 'আমি সব বাচ্চাদের বলতে চাই কখনও বাবা-মায়ের থেকে কিছু লুকাবে না। আমার মেয়ে অনেক বড় ভুল করেছে। আমি তাকে বারবার জিজ্ঞাসা করতাম সমস্যাটা কী, কিন্তু সে আমাদের কিছুই জানায়নি। উল্টে দেখি মেয়ে ওজন কমাতে বেশি আগ্রহী। দু'বছরে সে ১০ কেজি ওজন কমিয়েছে। ও আমাদের থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছিল। সে কারণেই সে আজ জেলে।'
অভিযুক্ত মুসকান প্রেমিক সাহিল গুপ্তার সাহায্য নিয়ে স্বামী সৌরভ রাজপুতকে খুন করে। পরে তাঁর দেহ ১৫ টুকরো করে ড্রামে পুরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় বলে অভিযোগ। মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি বলেন, মেয়েকে থানায় নিয়ে যাওয়ার সময় স্কুটার থামিয়ে সত্যি বলার অনুরোধ জানিয়েছিলাম। এরপর নিজের অপরাধ স্বীকার করে সে। জানায় প্রেমিকের সঙ্গে চক্রান্ত করেই নিজের স্বামীকে খুন করেছে।
বাবা প্রমোদ আরও জানিয়েছেন, 'আমরা যখন থানায় যাচ্ছিলাম, তখন আমি স্কুটার থামিয়ে মেয়েকে সত্যি বলতে বলেছিলাম। এরপরই সে নিজের অপরাধ স্বীকার করে নেয়। জানায়, স্বামীকে খুন করে ড্রামে ভরে সেটি সিমেন্ট দিয়ে সিল করে দেয় সে। এরপরই আমি মেয়েকে সোজা থানায় নিয়ে যাই এবং পুলিশের কাছে পুরো বিষয়টা জানাই।'
তিনি আরও বলেন, 'আমার মেয়ের দোষ কোনওভাবেই ক্ষমা করা যায় না। জামাই ন্যায়বিচার পাক।' মুসকানের মা জানিয়েছেন, কী কারণে মেয়ে এমন কাণ্ড ঘটাল সে বিষয়ে তাঁদের কোনও ধারণাই নেই। মেয়েকে কেউ ব্রেনওয়াশ করেছিল নাকি মাদক খেয়ে সে এমন কাণ্ড ঘটিয়েছিল সে বিষয়ে আমাদের কোনও ধারণা নেই। তবে পুরো বিষয়টা যদি আগে থেকে জানাত আজ মেয়েকে এমন দিন দেখতে হত না।