
বাইকে বিদ্যুতের তার লাগতেই জ্বলল আগুন - ফাইল ছবি
শেষ আপডেট: 30 December 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: নিজের মেয়ে এবং ভাইঝিকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন যুবক। রাস্তার পাশে আবর্জনার স্তুপ ছিল। সেটি পাশ কাটিয়ে যাওয়ার সময়ে ঘটে চরম বিপত্তি। হাই ভোল্টেজ বিদ্যুতের তার জড়িয়ে যায় তাঁর বাইকে। নিমেষের মধ্যে আগুন ধরে যায় তাতে। মৃত্যু হয় তিনজনেরই।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে এই বীভৎস ছবি। তাতে দেখা যাচ্ছে, গোরক্ষপুরের সোনবরসা বাজার এলাকায় এক আবর্জনার স্তুপের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। বাইকে তাঁর সঙ্গে ছিল দুজন। সেই সময়ই আচমকা বিদ্যুতের তার খুলে পড়ে তাদের বাইকে। তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎপৃষ্ঠ হন সকলের। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় তাঁদের।
পুলিশ সূত্রে খবর, ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিল সেটি। তাই কয়েক সেকেন্ডের মধ্যে বাইকে আগুন লেগে যায়। ঘটনাস্থলের আশেপাশে থাকা কেউই তাঁদের বাঁচানোর ন্যূনতম সুযোগ বা সময়টুকু পাননি। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ দফতর।
রাজ্যের বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, একটি বাঁদর আচমকা ওই বিদ্যুতের তারের ওপর লাফ মেরেছিল। তার কারণেই সেটি ছিঁড়ে যায়। আর ওই সময়ই নীচ থেকে বাইকে যাচ্ছিলেন ওই যুবক। তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে। ইতিমধ্যে তাঁরা মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।