
সাজ সিনেমার পোস্টার
শেষ আপডেট: 16 December 2024 11:32
দ্য ওয়াল ব্যুরো: প্রখ্যাত চলচ্চিত্র নির্দেশক সাই পরাঞ্জপে একবার জাকির হুসেনকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিলেন। তাও আবার যে সে চরিত্র নয়, রাহুল দেব বর্মনের চরিত্রে অভিনয় করতে হবে জাকির সাবকে। সাই পরাঞ্জপে তখন দেশের সর্বকালের সেরা গায়িকাদের অন্যতম আশা ভোঁসলের জীবন অবলম্বনে একটি ছবি তৈরি করবেন বলে ঠিক করেছেন। ছবির নামও ঠিক হয়ে গিয়েছে। 'সাজ'। ১৯৯৮ সালের কথা।
চিরদিন মঞ্চে অন্য কোনও বাদ্যশিল্পী বা কণ্ঠশিল্পীর পাশে বসে কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেনকে এক মাথা কোঁকড়ানো চুল ঝাঁকিয়ে তবলায় জলতরঙ্গ বাজাতে দেখেছে দেশের মানুষ। সেই মানুষটি তবলার বোল ছেড়ে আর এক কিংবদন্তি সুরকার আরডি বর্মনের চরিত্রে অভিনয় করবেন! বিষয়টি ফোনে শুনে হজম করতে পারেননি জাকির সাব নিজেও। যদিও তাঁকে জাকির সাব বলাটা পছন্দ করতেন না তিনি।
সাই স্পষ্টতই ফোনে তাঁকে বলে দিলেন, পুরো আরডি বর্মনের চরিত্র ঠিক নয়, তবে রাহুলের মতো একটি চরিত্রে অভিনয় করতে হবে। তাও আবার দেশের ডাকাবুকো অভিনেত্রী শাবানা আজমির বিপরীতে। যিনি আশা ভোঁসলের চরিত্রে অভিনয় করবেন বলে স্থির করেছেন পরাঞ্জপে। শুনে তো জাকিরের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। সেই ছবিতেই অরুণা ইরানিও একটি প্রধান চরিত্রে অভিনয় করবেন। এসব শুনে অভিনয়ে অনভ্যস্ত জাকির হুসেন ফিরিয়ে দিলেন পরিচালককে। বললেন, আমি কেন? আরডি-র চরিত্রে কী করে একমাথা কোঁকড়ানো চুলের লোক অভিনয় করবে? সাইকে প্রথম প্রস্তাবেই ফিরিয়ে দিলেন উস্তাদজি।
কিন্তু, প্রখ্যাত পরিচালক নাছোড়বান্দা। আরডি-র চরিত্রে এমন কোনও একজনকে অভিনয় করতে হবে, যিনি সংগীত গুলে খেয়েছেন। কারণ, অত বড় মাপের মানুষের চরিত্রে কি যে কোনও লোককে দাঁড় করানো যায়! সাই প্রস্তাব দিলেন, সিনেমায় তোমার নাম আরডি হবে না। তোমার নাম হবে হিমান দেশাই। তখন আর কী করা! জাকির হুসেন রাজি হলেন। বলা ভালো সাইয়ের জেদের কাছে হেরে গেলেন।
শুধু অভিনয়ই নয়, সাজ সিনেমার কয়েকটি গানেও সুর দিলেন। কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে ক্যায়া তুমনে কহ্ দিয়া এবং দেবকী পণ্ডিত গাইলেন ফির ভোর ভায়ে। রাহুলের সঙ্গে জাকির হুসেনের জীবনেরও একটা মিল রয়েছে। সেটা হল দুজনেই বড় শিল্পীর ছেলে। একজনের বাবা শচীন দেব বর্মণ তো অন্যজনের বাবার নাম আল্লারাখা। দুজনকেই বাবার ছায়ার বাইরে বেরিয়ে লড়াই করতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য।
এছাড়াও জাকির অভিনয় করেছে চালিশ চৌরাসিয়া ছবিতে। সেখান তাঁর সঙ্গে অভিনয়ে ছিলেন নাসিরুদ্দিন শাহ, কে কে মেনন। দেব প্যাটেলের মাঙ্কি ম্যান ছবিতে। ১৯৮৩ সালে আইভরি-মার্চেন্টের ব্রিটিশ হিস্টোরিক্যাল রোমান্টিক ড্রামা হিট অ্যান্ড ডাস্ট ছবিতেও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন জাকির হুসেন। শশী কাপুর অভিনীত এই ছবিতে রিচার্ড রবিন্সের সঙ্গে সুর সংযোজনারও কাজ করেন জাকির।
২০১৩ সালে সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে জাকির বলেছিলেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর থেকে তবলার সামনে বসাতেই তিনি বেশি স্বচ্ছন্দ। এটাই তাঁর জগৎ। কারণ আমি জানি যে, অভিনেতার থেকে আমি ভালো তবলা বাদক। তবে কেউ যদি মনে করেন, আমাকেই তাঁর ছবিতে প্রয়োজন। নইলে চরিত্র ফুটে উঠবে না। তাহলে আমি সেই প্রস্তাব আবার ভেবে দেখতে পারি। কিন্তু, তাঁর জীবদ্দশায় ক্যামেরা-পর্দার আমন্ত্রণ আর পেয়ে ওঠা হয়নি জাকির হুসেনের।