
উদ্বেগজনক দেশের তকমা দেওয়ার সুপারিশ জানানো হয়েছে।
শেষ আপডেট: 26 March 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতে সংখ্যালঘুদের উপর আচরণের অবনতি ঘটছে। সেদেশের সংখ্যালঘুরা খারাপ ব্যবহারের মুখোমুখি হচ্ছেন। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার উপর গঠিত মার্কিন কমিশন মঙ্গলবার এই রিপোর্ট দিয়ে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা র-এর (R&AW) উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে। আমেরিকার বুকে শিখ বিচ্ছিন্নতাবাদীদের খুনের ছক কষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে ওই কমিশন। ওই রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা অমান্য করার জন্য ভারতকে নির্দিষ্ট কারণে উদ্বেগজনক দেশের তকমা দেওয়ার সুপারিশ জানানো হয়েছে।
২০২৩ সালে শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন খলিস্তানিদের আমেরিকা ও কানাডার মাটিতে খতমের চেষ্টার ছক কষা হয়েছিল বলে ভারতের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ ছিল। যা নিয়ে দুদেশের সম্পর্কে ভাঁজ পড়ে যায়। আমেরিকা অভিযোগ তুলেছিল, ভারতের প্রাক্তন গুপ্তচর বিকাশ যাদব খলিস্তানি এক নেতাকে খুনের ছক কষেছিলেন। যা ফাঁস হয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে আমেরিকার আইন-বিচার বিভাগ। যদিও নয়াদিল্লি সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল তৎক্ষণাৎ।
মঙ্গলবার প্রকাশিত মার্কিন কমিশনের ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকারের আরও অবনতি ঘটে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য-বঞ্চনার পরিমাণ আরও বেড়ে যায়। নাম করে বলা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর ভারতীয় জনতা পার্টি মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ঘৃণাভাষণ ও মিথ্যা অপপ্রচার চালিয়েছিলেন। গতবছর নির্বাচনী প্রচার জুড়ে এটাই ছিল তাঁদের মূল লক্ষ্যবস্তু।
রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে, গতবছর এপ্রিলে মোদী মুসলিমদের অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন এবং মুসলিমদের ঘরে বেশি বেশি বাচ্চা জন্মায় বলেও উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের আন্তর্জাতিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত এই রিপোর্টের মন্তব্য, সংখ্যালঘুদের উপর হেনস্তা-নিপীড়ন সংক্রান্ত এই রিপোর্টে উল্লেখ রয়েছে, যখনই ভারতের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে তখনই তারা একে একপেশে বলে পাশ কাটিয়ে দিয়েছে। যদিও এই রিপোর্ট সম্পর্কে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।