
শেষ আপডেট: 7 December 2023 18:57
দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানপন্থী মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে এক ভারতীয়র যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ওই অভিযোগ নিয়ে কথা বলতে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই কর্তা ক্রিস্টোফার এ রে ভারতে আসছেন। ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা দীনকর গুপ্তার সঙ্গে ১১ ও ১২ ডিসেম্বর দিল্লিতে বৈঠক করবেন তিনি।
এদিকে, কানাডার বাসিন্দা আর এক খলিস্তানি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডেও ভারতীয় এজেন্টের যুক্ত থাকার অভিযোগ করেছে সে দেশের সরকার। লক্ষণীয় নরেন্দ্র মোদী সরকার দুই বিদেশি রাষ্ট্রের অভিযোগের মোকাবিলায় ভিন্ন অবস্থান নিয়েছে। গতমাসে আমেরিকা পান্নুন হত্যায় ভারতীয় ষড়যন্ত্রের অভিযোগ করা মাত্র ভারত সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়েছে।
বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সিপিএম সাংসদের প্রশ্নের জবাবে বলেন, আমেরিকা ও কানাডার অভিযোগকে ভারত এক দৃষ্টিতে দেখছে না। আমেরিকা তাদের অভিযোগের সঙ্গে কিছু তথ্যপ্রমাণ দিয়েছে। ভারত সরকার সেগুলি গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু কানাডা শুধুই অভিযোগ করেছে। প্রমাণ দেয়নি।
যদিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোর দাবি নিজ্জর হত্যায় তাঁর দেশের গোয়েন্দা কর্তাদের তদন্ত রিপোর্ট ভারত সরকারকে দেওয়া হয়েছে।
গত মাসে পুন্নুনকে নিয়ে আমেরিকার অভিযোগটি সামনে আসে সংবাদমাধ্যম সূত্রে। আমেরিকা আগাগোড়া এই ব্যাপারে নীরবতা রক্ষা করে চলেছে। জানা গিয়েছে, ঘটনাটি এ বছর জুনের। কিন্তু মার্কিন প্রশাসন প্রকাশ্যে এই ব্যাপারে মুখ খোলেনি। সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নয়াদিল্লি এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট পুন্নন হত্যা ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। কিন্তু প্রকাশ্যে এই প্রসঙ্গ তোলেননি।
গত মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী আন্টনি ব্লিঙ্কেনও দিল্লি সফরের সময় পুন্নুন প্রসঙ্গ ফের তোলেন। তখনও মার্কিন কর্তারা এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি। নয়াদিল্লির মার্কিন অভিযোগকে বাড়তি গুরুত্ব দেওয়ার সেটিও একটি কারণ হতে পারে। তাছাড়া আমেরিকা স্পষ্ট করে দিয়েছে পুন্নুন হত্যা ষড়যন্ত্র ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও রেখাপাত করবে না।
লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমস জানায়, আমেরিকায় মার্কিন নাগরিক তথা শিখস ফর জাস্টিসের নেতা পুন্নুনকে হত্যার চেষ্টা হয়েছিল। ষড়যন্ত্রে এক ভারতীয় এজেন্টের হাত ছিল। কিন্তু মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় ষড়যন্ত্র ভেস্তে যায়। পরে জানা যায়, নিখিল গুপ্ত নামে ভারতীয় এজেন্ট পুন্নুন হত্যার জন্য পেশাদার খুনি হিসাবে যাকে নিয়োগ করেছিল সে একজন মার্কিন গোয়েন্দা। নিখিল গুপ্তকে চেরস্লোভাকিয়ার পুলিশ গ্রেফতার করে। তাকে মার্কিন প্রশাসন তাদের হেফাজতে পাওয়ার চেষ্টা করছে।