মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু'মুখোপনাকে সরাসরি পাল্টা জবাব দেওয়া উচিত এবং ভারতের ওপর কোনও দেশকে শর্ত চাপাতে দেওয়া যাবে না— এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর।

শশী থারুর ও ট্রাম্প
শেষ আপডেট: 8 August 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দু'মুখোপনাকে সরাসরি পাল্টা জবাব দেওয়া উচিত এবং ভারতের ওপর কোনও দেশকে শর্ত চাপাতে দেওয়া যাবে না— এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর (Shashi Tharoor)। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “একপক্ষ শর্ত চাপাবে আর অন্যপক্ষ বিনা প্রশ্নে মেনে নেবে, সেই দিন ফুরিয়েছে। ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের পর আমরা আর কাউকে আমাদের সঙ্গে এমন ব্যবহার করতে দেব না।”
মার্কিন প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর তারুর সরাসরি ট্রাম্পকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা প্রতিবছর রাশিয়া থেকে কয়েক বিলিয়ন ডলারের সার, ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড, ও ক্যাটালিটিক কনভার্টরের জন্য প্রয়োজনীয় প্যালাডিয়াম আমদানি করে— তবুও কেবল ভারতের রাশিয়া থেকে তেল আমদানি নিয়েই সমালোচনা করছে।
তারুরের ভাষায়, “এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত আমেরিকার রাশিয়া থেকে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২.৪ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। তাহলে ভারতের টাকা রাশিয়ার যুদ্ধযন্ত্র চালাচ্ছে কিন্তু আমেরিকার ডলার চালাচ্ছে না— এটা সম্পূর্ণ ভণ্ডামি।”
তিনি আরও অভিযোগ করেন, চিনের ক্ষেত্রে মার্কিন প্রশাসন ৯০ দিনের আলোচনার সুযোগ দিয়েছে, অথচ ভারতকে মাত্র ২১ দিন সময় দেওয়া হয়েছে। ফলে ২৭ আগস্ট থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসবে, যেখানে চিনাপণ্যে শুল্ক থাকবে ৩০ শতাংশ।
তারুর বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদও প্রথম মেয়াদের মতোই কূটনীতির চেয়ে নাটকীয়তা ও অনিশ্চয়তায় ভরা। “কিছু ভাষা খুবই অপমানজনক ছিল। আমাদের আত্মসম্মান রক্ষার জন্য প্রয়োজনে কঠোর অবস্থান নিতে হবে,” মন্তব্য করেন তিনি।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা ভারত বাতিল করছে—এই খবর ভুয়ো, কোনও সত্যতা নেই।