
তুলসি গ্যাবার্ড।
শেষ আপডেট: 17 March 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: পরমাণু বোমার স্রষ্টা, মার্কিন ফলিত পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমারের মতো আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান কর্ত্রী তুলসি গ্যাবার্ডও ভাগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে অনুপ্রাণিত। সোমবার এক সাক্ষাৎকারে নিজ মুখে সেকথা জানিয়ে তুলসি বলেন, গীতায় ভগবান কৃষ্ণের জ্ঞান ও বাণীই তাঁর জীবনের পাথেয়। তিনি যখনই কোনও গুরুতর সমস্যায় পড়েন কিংবা সাফল্যের দরজা পেরিয়ে যান, তখনই কৃষ্ণের উপদেশ তাঁকে শক্তি জোগায় ও পথের দিশা দেয়।
এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক মুখোমুখি সাক্ষাৎকারে তুলসি তাঁর জীবনাদর্শের সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের প্রতি আস্থা, গভীর বিশ্বাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশেষত গুরুতর সঙ্কটের সময়, যেমন বিশ্বের যে কোনও প্রান্তে যুদ্ধবিধ্বস্ত এলাকায় কাজ করার সময় এবং এখন আমরা যেমন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি, তখন কৃষ্ণ আমায় ভরসা জুগিয়েছেন। ভাগবদ্গীতায় অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, তা স্মরণ করেই আমি সেই সময় কাটিয়ে উঠি। তা সে জীবনের সবথেকে খারাপ সময় হোক কিংবা সবথেকে আনন্দের সময় হোক।
উল্লেখ্য, তুলসি গ্যাবার্ড প্রায় আড়াই দিন এদেশে থাকবেন। এরপর আরও বেশ কয়েকটি দেশে যাবেন। এদিন তিনি দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। রাজনাথের সঙ্গে সাক্ষাতের সময় তুলসি পাকিস্তান ও বাংলাদেশে বাড়তে থাকা ইসলামি মৌলবাদ ও জঙ্গিপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজনাথ তুলসিকে আমেরিকা-কানাডায় সক্রিয় খলিস্তানপন্থীদের কার্যকলাপে লাগাম টানার অনুরোধ জানান।