
শেষ আপডেট: 11 February 2024 09:39
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের আমেরিকার দূতাবাস উড়িয়ে দেওয়া হবে। দূতাবাসে কর্মরত সকল আমেরিকানদের হত্যা করা হবে। এমনই এক হুমকি মেল ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। দূতাবাসের কর্মীদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি ভোর ৩ টে ৫০ মিনিটে আমেরিকার দূতাবাসে হুমকি মেলটি আসে। যেখানে বলা হয়েছে, মুম্বইয়ের আমেরিকার দূতাবাস ধ্বংস করে দেওয়া হবে। পাশাপাশি, সেখানে কর্মরত সমস্ত আমেরিকান কর্মীদের খুনের হুমকিও দেওয়া হয়েছে।
হুমকি মেলটি যিনি পাঠিয়েছেন, তিনি নিজেকে আমেরিকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তবে সে দেশ থেকে তিনি পলাতক বলেও জানিয়েছেন। কী কারণে তিনি আমেরিকা থেকে পালিয়ে এসেছেন, তা মেলে জানাননি। যদিও সে দেশের প্রতি তাঁর যে ক্ষোভ রয়েছে তা সেই হুমকি মেলে আন্দাজ করা গিয়েছে।
ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কোনও একজন ব্যক্তি নাকি এই ‘হুমকি’ মেলের পিছনে রয়েছে বড়সড় কোনও চক্র, তা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট মেল আইডিটি খতিয়ে দেখছে পুলিশ। যদিও সেই মেল আইডিটি ভুয়ো বলেই পুলিশের প্রাথমিক অনুমান।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে আরবিআই সহ একাধিক ব্যাঙ্কে মুম্বইয়ের ১১টি জায়গা বোমা মেরে উড়িয়ে দেওয়ার মেল এসেছিল। সেই মেলকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। যদিও পুলিশ তদন্ত করে কোনও বিস্ফোরক খুঁজে পায়নি। এর দু’মাসের মধ্যে এবার মুম্বইয়ে আমেরিকার দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি মেল এল!