
ফাইল ছবি
শেষ আপডেট: 13 December 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: 'আমি চাষার ছেলে।' জবাব এল, 'আমিও মজুরের বেটা।' 'কর্ণার্জুন পালা'র মতো শুক্রবার রাজ্যসভার শীত অধিবেশন গরম হয়ে উঠল চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বনাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বিতণ্ডায়। সংসদের উচ্চকক্ষে এই 'ধনার্জুন পালা'য় দুজনেই একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বিরোধীদের আচরণে দৃশ্যত ক্ষুব্ধ জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের বাগবিতণ্ডায় সরগরম রাজ্যসভা।
সভা চলাকালীন বিরোধীদের উপর রেগে গিয়ে বলেন, আমি আপনাদের আচরণ অনেক সহ্য করেছি। কিন্তু, আপনাদের সহ্যশক্তি নেই, ক্ষমতাও নেই। একজন কৃষকের ছেলেকে মেনে নিতে আপনাদের কষ্ট হচ্ছে। তিনি যেই না একথা বলেছেন, তখনই বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়্গে উঠে দাঁড়িয়ে বলেন, আপনি যদি কৃষক সন্তান হন, তাহলে আমিও শ্রমিক ঘরের সন্তান।
ধনখড় বলেন, আমি যেহেতু চাষিঘরের ছেলে, তাই আমি আপনাদের কাছে হার মানব না। দুর্বলতাও দেখাব না। আমি দেশের জন্য প্রাণ দিয়ে দেব। শেষ হয়ে যাব। আপনারা তা ভাবতেও পারবেন না। আমি ২৪ ঘণ্টা একটাই কথা ভাবি যে, একজন কৃষকের ছেলে এখানে বসে আছে? আমি অনেক সহ্য করেছি। আজকের দিনে কৃষকরা কেবল জমিতেই আটকে নেই। আজকের কৃষকরা সবক্ষেত্রে কাজ করেন। কৃষক আজ সরকারি চাকরিতে, শিল্পে জুড়ে রয়েছেন। আপনারা একটা প্রস্তাব এনেছেন, এটা আপনাদের অধিকার। এই প্রস্তাবের উপর আলোচনা করাও আপনাদের অধিকার। কিন্তু আপনারা যা করছেন তা সংবিধানকে টুকরো করা কাজ করছেন, বলেন ধনখড়।
এর উত্তরে কংগ্রেস নেতা খাড়্গে বলেন, আমরা সভায় আপনার প্রশস্তি গাইতে আসিনি। এর জবাবে ধনখড় বলেন, গোটা দেশ জানে আপনারা কার প্রশংসা শুনতে পছন্দ করেন। আমি আপনাদের সামনে আবেদন করছি, সংবিধানের নামে আমার সঙ্গে চেম্বারে এসে আলোচনা করুন। আমরা সম্মিলিতভাবে কাজ করি যাতে সুষ্ঠুভাবে সভার কাজ পরিচালনা করা যায়।
ধনখড় বলেন, আমি কৃষকের ছেলে। খাড়্গের জবাব, আমি মজদুরের সন্তান। আপনি যদি আমাকে সম্মান না দেন, তাহলে আমি কী করে আপনাকে সম্মান দেব? চেয়ারম্যান বলেন, আমি সম্মান দেখাতে কোনও কার্পণ্য করিনি। মিস্টার খাড়্গে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। কিন্তু, আমি কখনই আপনাদের চাপের কাছে নতিস্বীকার করব না। আমি নিজের চোখে দেখেছি আপনাদের ব্যবহার। আমি ব্যথিত আপনাদের আচরণে। অথচ আপনাদের সম্মান দিতে আমি কোনও কার্পণ্য দেখাইনি।