
রাহুল কুমার, স্বপ্না দেবী
শেষ আপডেট: 17 April 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ের আগেই হবু জামাইয়ের সঙ্গে ঘর ছেড়েছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা স্বপ্না দেবী (UP Woman Eloped With Daughter's Fiance)। পুলিশের হস্তক্ষেপ হতেই থানায় এসে আত্মসমর্পণ করেন তাঁরা। এদিকে পুলিশের দাবি, যুগলকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে।
১৬ এপ্রিল রাহুল কুমারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্বপ্না দেবী ও জিতেন্দ্র কুমারের মেয়ে। কিন্তু তার আগেই হবু জামাইকে নিয়ে পালিয়ে যান শাশুড়ি (UP Woman Eloped With Daughter's Fiance)। স্বামীর অভিযোগ, ৫ লক্ষ টাকার গয়না সহ ৩ লক্ষ টাকা নগদ নিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে স্বপ্না দেবী পাল্টা দাবি করেন, 'একটা মোবাইল ও মাত্র ২০০ টাকা নিয়ে আমি বাড়ি ছেড়েছিলাম।'
জিতেন্দ্র কুমারের আরও অভিযোগ, তাঁর স্ত্রী ঘণ্টার পর ঘণ্টা হবু জামাইয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। এমনকি বাড়িতে এনিয়ে অশান্তিও হয়। তবে তিনি যে এমন কাজ করবেন তা কখনও ভাবতেও পারেননি। অন্যদিকে, পালিয়ে যাওয়ার ঘটনায় পাল্টা স্বামীর দিকেই অভিযোগের আঙুল তোলেন স্বপ্না দেবী।
জানা যায়, পুলিশ তাঁদের খোঁজ করছে এই খবর পেতেই থানায় আত্মসমর্পণ (Surrender) করেন দু'জনে। রাহুল কুমার পুলিশকে জানায়, স্বপ্না দেবী আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তাই তিনি পালাতে বাধ্য হন। আমরা প্রথমে লখনউ গিয়েছিলাম, সেখান থেকে মুজফরপুরে যাই। জিতেন্দ্র কুমার ও তাঁর পরিবার স্বপ্না দেবীর উপর অত্যাচার করতেন বলেও অভিযোগ রাহুলের।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জিতেন্দ্র কুমার ও তাঁর পরিবার। পাশাপাশি তাঁরা যে আর স্বপ্না দেবীকে বাড়িতে ঢুকতে দেবেন না সেকথাও জানিয়ে দেন। তাঁদের কথায়, 'তাঁকে (স্বপ্না দেবী) টাকা ও গয়না ফেরত দিতে হবে এবং তাঁদের কাজের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক।'
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের এই ঘটনায় নতুন এক জট সৃষ্টি হয়েছে। যুগলের দাবি, তাঁরা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। কিন্তু পুলিশের তরফে আবার জানানো হয়েছে, দু'জনকে গ্রেফতার করা হয়েছে। আসল সত্যি কী? তা এখনও স্পষ্ট নয়।