দ্য ওয়াল ব্যুরো: সরকারি পুনর্বাসন কেন্দ্রে তীব্র খাদ্য বিষক্রিয়ার ঘটনায় চারজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মারা গেছে এবং আরও অন্তত ১৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ডিনার করার পর এই ভয়াবহ পরিস্থিতি শুরু হয়। লখনউয়ের এই ঘটনায় খাদ্য বিষক্রিয়ার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
জানা গেছে, মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রে থাকা ২০ জন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাদের দ্রুত লোকবন্ধু রাজ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুদের মধ্যে তীব্র ডিহাইড্রেশম দেখা দিয়েছে এবং সবরকম চেষ্টা করেও দু'জনকে বাঁচানো যায়নি। পরে আরও দু'জনকে অন্য একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে, তারাও মারা যায়।
মৃতদের মধ্যে দু'জন মেয়ে ও দু'জন ছেলে রয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ভিসেরা সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওই পুনর্বাসন কেন্দ্রে ১৪৭ জন শিশু রয়েছে, যাদের বেশিরভাগই অনাথ বা শারীরিক-মানসিক সমস্যায় আক্রান্ত।


