
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 January 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বরাবাঙ্কি এলাকায় আত্মঘাতী হলেন ২৫ বছর বয়সি এক যুবক। মৃত্যুর আগে কাঠগড়ায় তুললেন প্রেমিকা ও তাঁর পরিবারকে। ফেসবুকে পোস্টও করলেন একটি।
সুধীর কুমারের সঙ্গে প্রায় চার বছর ধরে প্রেম ছিল এক যুবতীর। তাঁরা ছয় মাস আগে নাকি বিয়েও করেছিলেন। কিন্তু তারপর থেকে হুট করে যোগাযোগ বন্ধ করে দেন যুবতী। অভিযোগ, পরিবারের তরফে ডিভোর্সের জন্য চাপ দেওয়া হয় সুধীরকে। বার বার ফোন করে ধমকানোও হয়। কিন্তু তিনি কোমলের কথা ছাড়া কারও কথা শুনে ডিভোর্সে রাজি হননি।
বৃহস্পতিবার সকালে বাড়ির কাছেই একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পাঠায় ময়নাতদন্তের জন্য। উদ্ধার হয় সুইসাইড নোট।
ওই নোটে সুধীর জানান, কোমলের ভাই আয়ুষ সুধীরের রুমমেট ছিলেন। সেই সূত্রেই কোমলের সঙ্গে সুধীরের পরিচয় হয়। সম্পর্কটি কোমলের বাড়ির লোক কেউ মেনে না নিলেও আয়ুষ কখনও বিরোধিতা করেননি।
আয়ুষের কথাতেই এতগুলো বছর লড়াই করার পর কোমলের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারেন সুধীর। তাঁর কথায়, কোমলও বার বার বলতেন, সুধীরের সঙ্গে থাকতে চান।
যদিও পরে গোটা চিত্রটাই পাল্টে যায়। সুধীর লেখেন, 'কোমল ওর পরিবারকে বিয়ের ব্যাপারটা জানিয়েছিল। আমি জানি না তারপর কী হল। আমাদের কথা বন্ধ হয়ে গেল।'
সুধীরের পরিবারের তরফে থানায় এই মর্মে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনার সঙ্গে অনেকেই বেঙ্গালুরুর অতুল বা দিল্লির ক্যাফে মালিকের আত্মহত্যার মিল পাচ্ছেন। প্রশ্ন উঠছে মানসিক স্বাস্থ্য নিয়ে।