
শেষ আপডেট: 31 December 2023 20:10
দ্য ওয়াল ব্যুরো: প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হতে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু টাকা দিতে পারেননি। তাই ভর্তি নেওয়া তো দূর, হাসপাতালের কর্মী ধাক্কা দিয়ে অন্তঃসত্ত্বাকে বের করে দেন বলে অভিযোগ। এরপর হাসপাতালের গেটের সামনে জন্মের পরই মৃত্যু হয় সন্তানের। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
শনিবার বিকেলে নীলম নামে এক মহিলার আচমকাই প্রসব বেদনা শুরু হয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বুদায়ুন জেলার মহিলা হাসপাতালে। কিন্তু সেসময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। অনেক অনুরোধ করেও হাসপাতালের কর্মীরা ভর্তি নিতে চাননি বলে অভিযোগ নীলমের স্বামীর।
জানা গিয়েছে, বেশ খানিকক্ষণ কথা কাটাকাটির পর নীলমের পরীক্ষা করানোর জন্য ৫ হাজার টাকা দাবি করেন কর্মীরা। কিন্তু সেই টাকা দেওয়ার সামর্থ্য ছিল না নীলমের পরিবারের। তারপরই কার্যত ধাক্কা দিয়েই অন্তঃসত্ত্বাকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
কিছুক্ষণ অপেক্ষা করে নীলমকে কোনওমতে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু ওই হাসপাতালের গেটেই সন্তানের জন্ম দেন নীলম। কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। চিকিৎসার অভাবে হাসপাতালের গেটে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন মহিলার পরিবার।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে যোগী রাজ্যের প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলাশাসক মনোজ কুমার। তিনদিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “এক মহিলাকে ভর্তি না নিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন হাসপাতালের কর্মীরা। ইতিমধ্যেই নগর প্রশাসনকে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ”