
শেষ আপডেট: 19 January 2024 10:41
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। কয়েক মাস ধরেই সেই নিয়ে গোটা অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। ইতিমধ্যে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠানের সূচনা হয়ে গিয়েছে। আর রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার অযোধ্যা থেকে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা এলাকাকে নিরাপত্তার বেড়াজালে ঘিরে ফেলা হয়েছে। দিনরাত নজরদারিতে ব্যস্ত রয়েছেন পুলিশ কর্তারা। এরই মধ্যে উত্তরপ্রদেশ সরকার এবং পুলিশ সদর দফতরের চেকিং অভিযানে অযোধ্যা জেলা থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে যোগী রাজ্যের এটিএস।
এই বিষয়ে জানিয়েছেন উত্তরপ্রদেশের স্পেশাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার তিনি বলেন, ''ধৃত তিনজনের জিজ্ঞাসাবাদ চলছে। যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ওই তিন ব্যক্তির যোগসূত্র পাওয়া যায়নি।''
রামমন্দির উদ্বোধনের আর বাকি মাত্র দু'দিন। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে শহরের নিরাপত্তা ব্যবস্থার নজরদারি জোরদার করেছে। নাইট ভিশন ডিভাইস এবং সিসিটিভি ক্যামেরার মতো প্রযুক্তিতে নজরদারিতে কাজে লাগানো হয়েছে। ড্রোনের মাধ্যমে শহরের বিভিন্ন বহুতল বাড়ির ছাদে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন অযোধ্যার আইজি প্রবীন কুমার।
প্রসঙ্গত, রাম মন্দিরে নাশকতা ষড়যন্ত্র করছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন আল কায়েদা ও লস্কর ই তইবা। গত নভেম্বর মাসে এমনই একটি খবর রটেছিল। খবরটি ছড়িতে পড়তেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রাম মন্দির চত্বর। আরও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।