
শেষ আপডেট: 5 November 2023 10:26
দ্য ওয়াল ব্যুরো: উন্নাও ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন প্রধান অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ঘটনায় অভিযুক্ত হয়ে বর্তমানে জেল খাটছেন নির্যাতিতার কাকাও। এরমধ্যেই নিজের মায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ওই নির্যাতিতা। অভিযোগ, সরকারের দেওয়া আর্থিক সাহায্য কেড়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তাঁর মা ও বোন। যার মূলে রয়েছেন তাঁর কাকা।
২০১৭ সালে উন্নাওয়ে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় গোটা দেশে হইচই পড়ে গিয়েছিল। ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে তারপরই গ্রেফতার হন বিজেপির তৎকালীন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। বর্তমানে তিনি জেলবন্দি। এরমধ্যেই ফের একবার খবরের শিরোনামে উঠে আসলেন উন্নাওয়ের সেই নির্যাতিতা। নিজের মা, বোন ও কাকা-সহ মোট চারজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন যুবতী।
ধর্ষিতার দাবি, ২০১৭ সালে ওই ঘটনার পর সরকার ও বিভিন্ন এনজিও-র তরফে তাঁকে আর্থিক সাহায্য করা হয়েছিল। তবে সেসময় তিনি নাবালিকা থাকায় টাকাগুলি দেওয়া হয়েছিল তাঁর মায়ের হাতে। এদিকে এখন ওই নির্যাতিতা বিবাহিতা এবং গর্ভবতীও। কিন্তু দরকারে সেই টাকা আর দিচ্ছেন না যুবতীর মা। এমনকী সরকারের দেওয়া দিল্লির বাড়ি থেকেও তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, তাঁর বোন টাকার লোভে তাঁর স্বামীকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তাঁর মা টাকাপয়সা কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এসবই কাকার কথা শুনেই করছেন তাঁর মা ও বোন। একইসঙ্গে মহিলার আরও অভিযোগ, তাঁর কাকা এক মহিলার সাহায্য নিয়ে এসব কাণ্ড ঘটাচ্ছেন জেলের ভিতরে বসে। সরকারের কাছে তিনি নিজের ও গর্ভস্থ সন্তানের সুরক্ষার দাবি জানিয়েছেন।