
বরের বাবার অভিযোগ, তাঁরা তখন রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে নাচতে নাচতে যাচ্ছিলেন
শেষ আপডেট: 3 December 2024 15:49
দ্য ওয়াল ব্যুরো: 'মান ইয়া না মান, ম্যায় তেরা মেহমান।' সোমবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউ। সিনেমার বহু নায়ককেই দেখা যায়, অপরিচিতের 'বরাতি' বা বরযাত্রীর শোভাযাত্রায় ঢুকে পড়ে নাচতে-গাইতে। কিন্তু, লখনউ বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র আচমকাই বরযাত্রী দলে ঢুকে পড়ে বিয়েবাড়ি গিয়ে পেটপুরে খাওয়ার অন্যায় আবদার ধরে। আর তা নিয়ে তুমুল অশান্তি বাধল একটি বিয়েবাড়িতে।
বরের বাবা ও পাত্রপক্ষের অভিযোগ, তাঁরা যখন রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে নাচতে নাচতে যাচ্ছিলেন, তখন একদল যুবক বরযাত্রীদের উপর চড়াও হয়। তারা প্রত্যেকেই লখনউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে অভিযোগ। তাদের দাবি ছিল, বিয়েবাড়িতে তাদেরও নিয়ে যেতে হবে এবং বিনি পয়সার ভোজ খাওয়াতে হবে।
স্থানীয় রামাদিন ম্যারেজ হলের সামনে দুপক্ষের মধ্যে এনিয়ে বচসা বাধে। তারপরই ঘটে যায় হুলুস্থুল কাণ্ড। ছাত্রদের প্রত্যেকের হাতে ছিল দেশী পিস্তল অথবা হাতে তৈরি বোমা। বরযাত্রীদের লক্ষ্য করে তারা ইট-পাথর মারতে থাকে। এমনকী রড-বাঁশপেটা করা হয় বিয়েবাড়ির লোকজনকে।
ছেলের বাবা পুলিশকে অভিযোগে জানিয়েছেন, ওরা মেয়েদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে এবং গয়না ও টাকাপয়সা লুট করে পালিয়েছে। হাতাহাতির সময় ওই ছাত্ররা মোবাইলে ফোন করে হস্টেল থেকে আরও বন্ধু ডাকে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, বিয়েবাড়ির গেট লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং শূন্যে গুলিও চালায় ছাত্ররা।
শুধু বরযাত্রীই নয়, বিয়েবাড়িতে ঢুকেও তাণ্ডব চালায় তারা। খাবারের জায়গা উল্টেপাল্টে দিয়ে সব খাবার ফেলে ছড়িয়ে দেওয়া হয়। চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। বাইরে দাঁড়িয়ে থাকা অতিথিদের গাড়ির কাচ চুরমাচুর করা হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা ওই দক্ষযজ্ঞে বেশ কয়েকজন জখমও হন। ছাত্রদের এই আচরণের বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। পুলিশ অবশ্য গুলি ছোড়া ও বোমা মারার ঘটনার কথা অস্বীকার করেছে।