
অমিত শাহ। ফাইল ছবি।
শেষ আপডেট: 26 February 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: আসন পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ু সহ কোনও দক্ষিণী রাজ্যের লোকসভা আসন সংখ্যা কমবে না। বুধবার নিশ্চিত করে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালে দেশে জনসংখ্যার নিরিখে লোকসভা আসন পুনর্বিন্যাস করা হবে। যার ফলে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের আশঙ্কা ছিল, তাঁদের রাজ্যে এমপির সংখ্যা কমে যেতে পারে। এদিন কোয়েম্বাতুরে এক জনসভায় এ ব্যাপারে আশ্বস্ত করলেন শাহ।
প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার তামিল মুখ্যমন্ত্রী স্ট্যালিন আগামী ৫ মার্চ আসন পুনর্বিন্যাস নিয়ে আলোচনার জন্য একটি সর্বদল বৈঠক ডাকেন। যাকে তিনি দক্ষিণী রাজ্যগুলির উপর খাঁড়া ঝুলছে বলে বর্ণনা করেন। স্ট্যালিনের এই উদ্বেগের একদিন পরেই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, কোনও রাজ্যেরই আসন পুনর্বিন্যাসে ক্ষতি হবে না। তামিলনাড়ু সহ কোনও দক্ষিণ ভারতীয় রাজ্যের আসন সংখ্যা কমবে না।
শাহ বলেন, দক্ষিণ ভারতের মানুষকে আমি ফের আশ্বাস দিয়ে বলতে চাই, মোদীজি আপনাদের কথা মাথায় রেখেছেন। আপনারা নিশ্চিত থাকুন যে সমানুপাতিক জনসংখ্যার নিরিখে একটি আসনও কমবে না। দক্ষিণের রাজ্যগুলি তাদের সঠিক মূল্যায়ন পাবে, এতে কোনও সন্দেহ করার কারণ নেই। এদিন শাহ একসঙ্গে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার রাজ্যকে কেন্দ্রীয় তহবিলের টাকা থেকে বঞ্চিত করছে, তা নস্যাৎ করেন। তিনি জানান, এই অভিযোগের কোনও সারবত্তা নেই। মোদী সরকার গত ৫ বছরে তামিলনাড়ুকে ৫ লক্ষ কোটি টাকা দিয়েছে।
শাহ ইউপিএ সরকারকে এ ব্যাপারে দায়ী ঠাউরে বলেন, যদি দুই জমানার তুলনা করা যায়, তাহলে দেখা যাবে যে, ওদের সরকারের আমলের তুলনায় এনডিএর সময়ে বেশি টাকা বণ্টন করা হয়েছে। কেন্দ্রের হাতে রাজ্য সুবিচার পাচ্ছে না, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ সত্যি নয়। তাঁর আরও দাবি, ২০২৬ সালে এনডিএ সরকার গড়বে তামিলনাড়ুতে। এই নয়া সরকার তামিলনাড়ুতে এক নয়া যুগের সূচনা করবে। আমরা স্বজনপোষণের রাজনীতির অবসান করব। তামিলনাড়ু থেকে দুর্নীতি মুছে ফেলব।