
গুজরাতের নির্মীয়মাণ সেতুর ছবি
শেষ আপডেট: 5 November 2024 23:06
কলকাতা ব্যুরো: ফের বড়সড় দুর্ঘটনার সাক্ষী গুজরাত। এবার আনন্দে বুলেট ট্রেনের জন্য তৈরি নির্মীয়মাণ একটি সেতু ভেঙে মৃত্যু হল তিন শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও এক শ্রমিককে ভর্তি করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের আওতায় একটি সেতু তৈরির কাজ চলছিল গুজরাতের আনন্দের ভাসাড় এলাকায়। মঙ্গলবার বিকেলে আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে সেতুটি। দুঘটনার সময়ে সেতুর নিচে চারজন শ্রমিক কাজ করছিলেন। সকলেই চাপা পড়েন।
মোদীরাজ্য থেকে মুম্বই পর্যন্ত বুলেট ট্রেন ছোটানোর জন্য ইতিমধ্যে বরাদ্দ হয়েছে প্রায় এক লক্ষ আট হাজার কোটি টাকা। সেখানে কীভাবে ট্রেনের চলাচলের আগেই সেতু মুখ থুবড়ে পড়ল তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, চার জনের মধ্যে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ শুরু হয়।
বুলেট ট্রেন প্রকল্পের কাজ তদারকি করে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় ভদোদরার কাছে মাহি নদীতে, যেখানে বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছিল, সেখানেই কংক্রিটের সেতুর তলায় চাপা পড়েছেন চার শ্রমিক।