
ফাইল চিত্র
শেষ আপডেট: 22 March 2024 10:29
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার গার্ডেনরিচের ঘটনার রেশ তাজা। নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল। যদিও এটি বাংলায় নয়, বিহারে। ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর মিলেছে সেতু বিপর্যয়ের ঘটনায়। আশঙ্কা, অন্তত ৩০ জন ধ্বংসস্তূপে আটকে আছেন।
শুক্রবার সকাল ৭টা নাগাদ বিহারের সুপৌল জেলায় এই সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে। কোশী নদীর উপর সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার সংযোগস্থাপনে এই সেতুর নির্মাণ করা হচ্ছিল। একজনের মৃত্যুর পাশাপাশি এখনও পর্যন্ত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সুপৌলের জেলাশাসক। মৃত্যুর সংখ্যা যে আরও বাড়তে পারে তার আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্ট বলছে, এই সেতু নির্মাণে ৯৮০ কোটি থেকে ১,৭০০ কোটি টাকা খরচ করা হচ্ছিল। ব্রিজটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে তা দেশের অন্যতম দীর্ঘ সেতু হতে পারত। কিন্তু শুক্রবার সকালে তারই কিছু অংশ ভেঙে পড়েছে। ২০১৯ সালের মধ্যেই এই সেতুর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যেত বলে ধারণা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
বিহারে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা এই নতুন নয়। ২০২২ সালে ভাগলপুরে একটি নির্মীণমাণ সেতু ভেঙে পড়েছিল। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২৩ সালে ১৪ মাসের মাথায় সেই সেতুটিই ফের ভেঙে পড়ে।