
শেষ আপডেট: 7 March 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কে ৮২০ কোটি টাকার বেশি লেনদেন কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। রাজস্থান এবং মহারাষ্ট্রের সাত শহরে ৬৭টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতবছর ইমিডিয়েট পেমেন্ট সিস্টেমে ৮ লক্ষ ৫৩ হাজার ৪৯টি লেনদেন হয়েছিল। ১০-১৩ নভেম্বরের মধ্যে হওয়া ওই লেনদেনে ৮২০ কোটি টাকা 'ভুল' করে ৪১ হাজার ইউকো ব্যাঙ্ক গ্রাহকের অ্যাকাউন্টে চালান হয়েছিল বলে অভিযোগ।
সিবিআইয়ের এক মুখপাত্র জানান, আইএমপিএস লেনদেনে ৪১ হাজার ইউকো ব্যাঙ্ক গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। যার অর্থ ৮২০ কোটি টাকা জমা পড়েছে ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্টে। অথচ টাকা জমা রাখার ব্যাঙ্ক অর্থাৎ উৎস থেকে সেই টাকা কাটা হয়নি।
রাজস্থান এবং মহারাষ্ট্রে যেসব জায়গায় তল্লাশি চলছে সেগুলি টাকা যাঁদের অ্যাকাউন্টে জমা পড়েছে তাঁদের অফিস বা বাড়িতে। অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে না জানিয়ে তাঁরা সেই টাকা তুলে খরচও করেছেন। এদিন নিয়ে দ্বিতীয় দফায় অভিযান চলছে। গতবছরের ডিসেম্বরে কলকাতা এবং ম্যাঙ্গালোরে ব্যাঙ্ক আধিকারিক এবং গ্রাহকদের বাড়িতে ১৩ জায়গায় তল্লাশি চলেছিল।
উল্লেখ্য, গতবছরেরই নভেম্বরে ইউকো ব্যাঙ্কের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। সেখানে বলা হয়, ওই মাসের ১০-১৩ নভেম্বরের মধ্যে আইএমপিএস লেনদেনে সাতটি বেসরকারি ব্যাঙ্ক থেকে বিপুল লেনদেন হয়েছে। যার পরিমাণ ৮২০ কোটি টাকা। কিন্তু ওই টাকা ইউকো ব্যাঙ্কের ভাণ্ডারে এলেও উৎস ব্যাঙ্ক থেকে কাটা হয়নি। তখনই এ নিয়ে রহস্য দানা বাঁধে।