
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 3 June 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার দুই শীর্ষ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। সোমবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় লাগাতর তল্লাশি ও গুলিযুদ্ধের পর এই দুজনকে খতম করে বাহিনী। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুজনের একজন হল কাশ্মীর উপত্যকার অপারেশনাল কমান্ডার রিয়াজ শেঠরি এবং তার ঘনিষ্ঠ শাগরেদ রায়িস দার।
নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর গোয়েন্দার বিভাগের খাতায় রিয়াজ ২০১৫ সাল থেকে সক্রিয় ছিল কাশ্মীরে। তার বিরুদ্ধে ২০টির বেশি সন্ত্রাসবাদী হামলার অভিযোগ ছিল। এ প্লাস ক্যাটেগরির জঙ্গি ছিল রিয়াজ। সে জাতিভিত্তিক হত্যা, গ্রেনেড হামলা ছাড়াও জঙ্গি নিয়োগ করত। সরকার তার মাথার দাম ধার্য করেছিল ১০ লক্ষ টাকা।
দক্ষিণ কাশ্মীরে এলাকায় লস্করকে নিষ্ক্রিয় করতে নিরাপত্তা বাহিনীর এই অপারেশনের নাম ক্রিপলিং ব্লো। এদিন সকালে তল্লাশির সময় একটি গোপন ঘাঁটিতে আত্মগোপন করেছিল জঙ্গিরা। গুলিযুদ্ধের সময় সেই বাড়িটিতে আগুন ধরে যায়। পুলওয়ামার নেহামা এলাকার ওই বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল বলে সূত্রে খবর পায় বাহিনী। তারপর থেকেই শুরু চিরুনি তল্লাশি।
উল্লেখ্য, গত ৭ মে নিরাপত্তা বাহিনী কুলগাঁওয়ে ২ জঙ্গিকে খতম করেছিল। লস্কর মদতপুষ্ট জঙ্গি সংগঠন রেজিসস্ট্যান্স ফ্রন্ট টিআরএফের সক্রিয় সদস্য ছিল বাসিত দার। গুলিযুদ্ধে তার মৃত্যু হয়।