
ফাইল ছবি
শেষ আপডেট: 5 October 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে অশান্ত হয়ে উঠল উপত্যকা। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনার গুলিতে খতম দুই জঙ্গি।
ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কুপওয়ারায় তল্লাশি অভিযান শুরু হয়। আচমকা জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে পাল্টা দেয় ভারতীয় সেনাও। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে দুই জঙ্গিকে খতম করা হয় বলে খবর। জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করতেই এমন পদক্ষেপ সেনার।
বর্তমানে পুরো এলাকা ঘিরে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা ওই এলাকায় আরও জঙ্গি গা ঢাকা দিয়ে থাকতে পারে।
শুক্রবারই জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় নিয়ন্ত্রণ রেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই সেনা আহত হয়েছেন বলে খবর। আহত সেনা জওয়ানকে তড়িঘড়ি সেনা হাসপাতালে ভর্তি করা হয়।
গত মঙ্গলবারই শেষ হয়েছে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট। ফলাফল জানা যাবে আগামী ৮ অক্টোবর। তারমধ্যেই ফের জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে তৎপর সেনা। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন কোনওরকম হিংসা ও রক্তপাত ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল।
ভোটের ফলাফল বেরনোর আগেই ফের অশান্ত হয়ে উঠল উপত্যকা। নির্বাচনের আগে জঙ্গিদের সমস্ত পরিকল্পনা বানচাল করতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু ভোট মিটতেই ফের জঙ্গিদের দাপাদাপি শুরু ভূস্বর্গে।