
রাজস্থানে হরিয়ানার দুই সাধুকে পিটিয়ে হত্যা
শেষ আপডেট: 3 June 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার একটি আশ্রমের দুই সাধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পড়শি রাজ্য রাজস্থানের ঝুনঝুন জেলায়। পুলিশ এখনও হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে খুনিরা হরিয়ানার বাসিন্দা বলেই মনে করা হচ্ছে। তাদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। হত্যার পর তারা হরিয়ানাতেই গা ঢাকা দিয়েছে বলে তদন্তকারীদের অনুমান।
নিহত দুই সাধুর নাম গিরি মহারাজ এবং গৌতম মহারাজ। তাঁরা হরিয়ানার ভিবানীর বাসিন্দা। সেখান থেকে ঝুনঝুনের ভৌণ্ডা আশ্রমে এসেছিলেন। রবিবার রাতে আশ্রমেই প্রথমে গিরি মহারাজের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। সেই সময় গৌতম মহারাজ আশ্রমের বাইরে ছিলেন। খবর পেয়ে তিনি আশ্রমে ফিরলে তাঁর উপরও চড়াও হয় হামলাকারীরা। এরপর দু’জনকেই বেধড়ক মারধর করা হলে আশ্রমেই শেষ নিশ্বাস ত্যাগ করেন দুই সাধু।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, হামলাকারীরা এরপর একটি গাড়ি জোগার করে দেহ দুটি তাতে তুলে দূরে একটি চাষের খেতে ফেলে দিয়ে আসে। সেখান থেকেই তারা গা ঢাকা দেয়।
পুলিশ অনেক খোঁজাখুঁজির পর গ্রামবাসীদের সহায়তায় দেহ দুটি খুঁজে পায়। সেগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। রাজস্থান ও হরিয়ানা পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রমিকদের ঘরোয়া বিবাদের জেরে এই খুন। তবে হরিয়ানা ও রাজস্থান সীমান্ত এলাকায় পিটিয়ে মারার প্রবণতা রয়েছে। অনেক সময় ধর্ম ও জাতিগত বিদ্বেষ থেকেও পিটিয়ে মারার ঘটনা ঘটে থাকে। চোর, ডাকাত, গো হত্যাকারী সন্দেহে পিটিয়ে মারার অনেকগুলি ঘটনা ঘটেছে।