ফাইল ছবি
শেষ আপডেট: 1 March 2025 16:41
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে। শনিবার সুকমার পুলিশ সুপার কিরণ চবন জানান, এদিন সকালে নিরাপত্তা বাহিনী মাওবাদীদের সন্ধানে কিস্তিরাম থানা এলাকার একটি জঙ্গলে তল্লাশি অভিযানে নামে।
অভিযোগ, সেই সময় আচমকাই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালাতেই দুই মাওবাদীর মৃত্যু হয়।
পুলিশ কর্তা জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে এখন পর্যন্ত দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় এখনও চলছে চিরুনি তল্লাশি। আর কেউ এলাকায় লুকিয়ে রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিগত কয়েক মাস ধরেই ছত্তীসগড়ে মাওবাদী দমনে সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এ দিনও সেই রেশ জারি রইল। চলতি বছর ছত্তীসগড়ে মোট ৮৩ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ৬৭ জন বাস্তারের অন্তর্গত সুকমা-সহ সাতটি জেলার বলে খবর।
কিরণ চবন আরও জানিয়েছেন, শুক্রবার থেকে অভিযান শুরু হয়েছে। জেলা রিজার্ভ গার্ড (DRG) এবং কোবরা (Commando Battalion for Resolute Action)- গ্রুপের সদস্যরা অভিযানে অংশ নেন।