
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 October 2024 19:20
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক মাস ধরে ছত্তীসগড়ে লাগাতার অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। মাওবাদী নিকেশে সাফল্যও এসেছে। তবে তাদের পুরোপুরি দমন করা যাচ্ছে না এখনও। শনিবারও আইইডি হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন। আরও আরও দুই।
রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স, আইটিবিপি, বিএসএফ এবং ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ শনিবার অভিযান করে ফিরছিল। সেই সময়ই তাঁদের ওপর হামলা হয়। এর ফলেই মৃত্যু হয় দুই আইটিবিপি জওয়ানের। আবুঝমাদ এলাকার কোদলিয়ার গ্রামের কাছে এই বিস্ফোরণ ঘটে। সেনা সূত্রে খবর, তাঁদের নাম অমর পানওয়ার, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা এবং কে রাজেশ যিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। দুজনেরই বয়স ৩৬ এবং আইটিবিপির ৫৩ ব্যাটেলিয়ানের সদস্য।
গত সপ্তাহে নায়ারণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়েছে। সেই অভিযানে একাধিক মাওবাদী নেতাকে খতম করা হয়েছে বলেই দাবি করা হয়েছে। প্রথমে জানান হয়েছিল, ৩১ মাওবাদী খতম হয়েছে। যদিও শুক্রবার দান্তেওয়াড়া পুলিশ দাবি করেছে, ৩১ নয় ওই সংখ্যাটা হবে ৩৮। সেই খবর সামনে আসার পরই ভারতীয় জওয়ানদের ওপর হামলা হল।
২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই মাও উপদ্রুত রাজ্যগুলিতে অলআউট অভিযানে নেমেছে সেনা। জানা যাচ্ছে, শাহের হঁশিয়ারির পর ১৬৪ জন মাওবাদীকে খতম করেছে সেনা। এছাড়া ঘটনাস্থলে থেকে বারবারই একে ৪৭ রাইফেল সহ একাধিক অস্ত্র, বোমা এবং গ্যাজেট উদ্ধার হয়েছে।