.webp)
করণভূষণ সিং ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।
শেষ আপডেট: 29 May 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে বিজেপির বাহুবলি নেতা তথা যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের পরিবার। বুধবার উত্তরপ্রদেশের গোন্ডায় কর্নেলগঞ্জ-হুজুরপুর রোডে বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে ব্রিজভূষণের ছোট ছেলে করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় ১৭ বছরের এক কিশোরসহ ২ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবার কেন্দ্র কাইজারগঞ্জের এবারের বিজেপি প্রার্থীর কনভয়ের টয়োটা ফরচুনার এসইউভি একটি বাইকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গিয়েছে, ওই কনভয়ে থাকা এসইউভি গাড়িটির পিছনের কাচে 'পুলিশ এসকর্ট' বলে লেখা ছিল। যাতে আপাতদৃষ্টিতে মনে হয় এটা কোনও ভিআইপির কনভয়। কিন্তু, কোনও কনভয়েই পুলিশ এসকর্ট লেখা এরকম বহুমূল্যের গাড়ি থাকে না। তাছাড়া কোনও লোকসভা প্রার্থী সেই মর্যাদাও পেতে পারেন না।
অভিযোগকারী চান্দা বেগম এফআইআরে লিখেছেন, এদিন সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। একটি বাইকে মহিলার ছেলে ১৭ বছরের রেহান এবং ২৪ বছরের ভাগ্নে শাহজাদ ওষুধ কিনতে বেরিয়েছিল। সেই সময় বেপরোয়া গতিতে ওই কনভয় ছুটে আসে। একেবারে মুখোমুখি ধাক্কা মারে বাইককে। দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ গাড়ির চালককে গ্রেফতার এবং গাড়িটি আটক করেছে। কিন্তু, ওই কনভয়ে বিজেপি প্রার্থী করণভূষণ সিং ছিলেন কিনা তা জানা যায়নি। পুলিশ দেহ দুটি ময়নাতদন্ত পাঠিয়েছে।