
সন্তোষ কুমার
শেষ আপডেট: 15 March 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: দুষ্কৃতী ধরতে গিয়ে শুক্রবার বিহারে (Bihar) গ্রামবাসীদের হামলায় মৃত্যু হয় এক এএসআই (ASI)-এর। আরারিয়ার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই বিহার পুলিশের আরও এক এএসআইকে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম সন্তোষ কুমার (Santosh Kumar)।
শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ পুলিশের কাছে ফোন আসে আইটিসি নন্দলালপুরে দুই পরিবারের মধ্যে মারামারি হচ্ছে। সেই খবর পেয়েই দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন এএসআই সন্তোষ।
সেখানে গিয়ে দু'পক্ষের ঝামেলা থামানোর চেষ্টা করেন এএসআই। অভিযোগ সেই সময়েই এক পক্ষ এএসআইয়ের উপর আচমকা ধারালো অস্ত্র নিয়ে কোপ মারা হয়। যার জেরে মাটিতে লুটিয়ে পড়েন সন্তোষ। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মাথার আঘাত গুরুতর হওয়ায় পাটনা স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় সঙ্গে সঙ্গে অ্যাকশনে নামে বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু'জনকে। অন্যদিকে, বৃহস্পতিবার আরারিয়ার এক এএসআই রাজীব কুমারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এক দুষ্কৃতীকে ধরতে গিয়েছিলেন রাজীব এবং তাঁর দল। দুষ্কৃতীকে ধরেও ফেলেন তিনি। সেখানেই গ্রামবাসীদের হামলায় মৃত্যু হয় তাঁর।
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দু-দু'জন এএসআই খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে বিহারের পুলিশমহলে। পুলিশ জানিয়েছে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।