ফাইল ছবি
শেষ আপডেট: 7 April 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে গরম (Summer) যে অন্যান্য বছরের তুলনায় আরও বাড়বে হবে, সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস (Weather Office)। সোমবার সেই পূর্বাভাস যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। ভারতের পাঁচটি রাজ্যের মোট একুশটি শহরে সোমবার তাপমাত্রার (Temperature) পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড (Record) করা হয়েছে বলে খবর। সোমবারই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (India Meteorological Department)। পাশাপাশি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আগামী তিন দিন ভারতের রাজধানী শহরে (Delhi) তাপপ্রবাহের সঙ্গে রীতিমতো লড়াই করতে হবে।
তবে শুধু দিল্লি নয়, উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত এমনকি ওড়িশার শহরগুলিতেও তাপপ্রবাহ জারি থাকবে বলে খবর।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই ভারতের রাজধানী শহরের তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে গুজরাত, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে।
আইএমডি জানিয়েছে, সোমবার থেকেই গুজরাতের সৌরাষ্ট্র এবং কচ্ছ, পশ্চিম রাজস্থানের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পূর্ব রাজস্থান, গুজরাত, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের একাধিক প্রান্তেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
পাশাপাশি বুধবার থেকে গুজরাত, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন অংশগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে।
এদিকে রাজস্থানের বারমেরে তাপদাহ নতুন রেকর্ড তৈরি করেছে। রবিবার সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস- যা এপ্রিলের প্রথম সপ্তাহে সর্বোচ্চ। স্বাভাবিকের চেয়ে ৬.৮ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পশ্চিম রাজস্থানের কিছু অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে সোমবার ও মঙ্গলবার দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।