
সিধু দাবি করেন, চিনি, দুধজাত খাবার ছেড়ে দিয়ে এবং হলুদ, নিম খেয়ে তাঁর স্ত্রীর ক্যানসার মুক্তিতে সহায়ক হয়েছে।
শেষ আপডেট: 27 November 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো: হলুদ, নিম ও লেবুর জল ক্যানসারকে হারিয়ে দিয়েছে! প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর এই দাবিতে বেজায় চটেছেন ডাক্তারবাবুরা। সম্প্রতি সিধুর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি দাবি করেছেন, তাঁর স্ত্রী নভজ্যোৎ কৌরের ক্যানসার নিরাময় হয়েছে ঘরে তৈরি বিশেষ খাদ্যতালিকায়। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন টাটা মেমোরিয়াল হাসপাতালের ডিরেক্টর। তিনি বলেছেন, এরকম অপরীক্ষিত চিকিৎসার উপর যেন ক্যানসার আক্রান্তরা ভরসা না করেন। ভুল করেও এর উপর আস্থা না রাখেন।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সিধু দাবি করেন, চিনি, দুধজাত খাবার ছেড়ে দিয়ে এবং হলুদ, নিম খেয়ে তাঁর স্ত্রীর ক্যানসার মুক্তিতে সহায়ক হয়েছে। এর জবাবে টাটা মেমোরিয়াল হাসপাতালের ডিরেক্টর সিএস পরমেশ বলেন, এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তিনি তাঁর দাবির সপক্ষে টাটা হাসপাতালের ২৬২ জন বর্তমান ও প্রাক্তন ক্যানসার বিশেষজ্ঞের স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সিধুর দাবির কোনও ক্লিনিক্যাল ডেটা নেই। হলুদ এবং নিম ক্যানসার নিরাময়ে সহায়ক ভূমিকা নেয় এমন কোনও তথ্যপ্রমাণ নেই। সাংবাদিকদের সামনে সিধু বলেছিলেন, তাঁর স্ত্রী স্টেড ফোর ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার সেরেছে খুব সহজ একটা খাদ্যতালিকায় এবং জীবনযাত্রার পরিবর্তনের ফলে। ডাক্তার বলেছিলেন, স্ত্রীর বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ ছিল। কিন্তু, রোজ হলুদ, নিম পাতা ভেজানো জল, অ্যাপল সিডার ভিনিগার এবং লেমোনেড পান করেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। এর সঙ্গে চিনি, কার্বোহাইড্রেট ও মাঝেমধ্যে উপবাস করেই সেরে উঠেছেন। মাত্র ৪০ দিনের ভিতর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফিরেছেন।
ডাক্তারবাবুদের মতে, এ ধরনের দাবিতে বিশ্বাস করবেন না। ক্যানসার সঠিক সময়ে ধরা পড়লে তা চিকিৎসায় সারে। আর ক্যানসারের সঠিক চিকিৎসা হল, অস্ত্রোপচার, রেডিয়েশন ও কেমোথেরাপি। ডাক্তার পরমেশ এক্সবার্তায় লিখেছেন, কেউ যেন এইসব শুনে বোকা না বানেন। নভজ্যোৎ কৌরের অস্ত্রোপচার হয়েছিল এবং কেমো দেওয়া হয়েছিল। তাঁর ক্যানসার মুক্তির এটাই কারণ। হলুদ, নিম অথবা আর অন্য কিছুর সহায়তার কোনও বৈজ্ঞানিক সত্যতা প্রমাণিত নয়।