
শেষ আপডেট: 14 February 2024 10:31
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত সঙ্গীত শিল্পী মহম্মদ রফিকে ‘ভারতরত্ন’ ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। প্রধানমন্ত্রীকে প্রবীণ তৃণমূল সাংসদ লিখেছেন, ভারতের সঙ্গীত জগতের এই প্রবাদপ্রতীম গায়কের জন্মশতবর্ষ নিঃশব্দে পালিত হচ্ছে। সঙ্গীতে তাঁর অবদানের স্বীকৃতি হিসাবে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মানজ্ঞাপন জরুরি।
১৯২৪-এর ২৪ ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসর লাগোলা কোটালা সুলতান সিং এলাকায় রফির জন্ম। হিন্দি, বাংলা, উর্দু, ভোজপুরী, কোঙ্কনি, ওড়িয়া, পাঞ্জাবি, মারাঠি, কন্নড়, গুজরাতি, তেলুগু, মাঘী, মৈথিলী, অসমিয়া ভাষায় অসংখ্য গান গেয়েছেন তিনি। এছাড়াও গেয়েছেন - ইংরেজি, ফার্সি, স্প্যানিশ এবং ডাচ ভাষায়। হিন্দি সিনেমার গানে দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। এখনও প্রতিদিন তাঁর গান মানুষ শোনে।
তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়
সুখেন্দুশেখর প্রধানমন্ত্রীকে লিখেছেন, সম্প্রতি মুম্বইয়ে মহম্মদ রফির একটি স্মরণ অনুষ্ঠানে কেন্দ্রের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল উপস্থিত ছিলেন। সেখানে রফির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠানো প্রধানমন্ত্রীর একটি বার্তা পাঠ করেন পীযূষ। প্রধানমন্ত্রীকে তৃণমূল সাংসদ লিখেছেন, রফি সম্পর্কে আপনার বার্তাটি শুনে আমি অভিভূত হয়েছি। তবে দুঃখজনক হল এই প্রবাদপ্রতীম গায়ক শুধুমাত্র ‘পদ্মশ্রী’ সম্মান পেয়েছেন। জন্মশতবর্ষে তাঁর প্রতি উপযুক্ত সম্মান জ্ঞাপন করা হোক মরণোত্তর ভারতরত্ন ঘোষণা করে। উল্লেখ্য, ১৯৮০-র ৩১ জুলাই মুম্বাইতে রফি শেষ নিশ্বাস ত্যাগ করেন।