আদিবাসী গৃহবধূর দেহ উদ্ধার
শেষ আপডেট: 20 November 2024 09:48
দ্য ওয়াল ব্যুরো: কাঠ কুড়োতে বেরিয়ে আর ফেরেননি। আত্মীয়ের হাতে খুন হলেন এক আদিবাসী গৃহবধূ। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত কাকা শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই খুন বলেই অনুমান করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র কে অশান্তি ছড়িয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার অন্তর্গত বাগমারা হরিদাস চৌধুরী পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার বাড়ি থেকে কাঠ কুড়োনোর জন্য বেরিয়ে আর ঘরে ফিরে আসেননি তরুণী গৃহবধূ সুন্দরম ত্রিপুরা। এরপর বাড়ির লোকরা খোঁজ শুরু করলেও প্রথমে মহিলার সন্ধান মেলেনি। পরে বাড়ি বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে একটি পাহাড়ের নিচে তাঁর মৃতদেহ নজরে আসে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাবরুম মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে ধারণা পুলিশের।
তদন্তকারীরা জানিয়েছেন, মহিলাটি দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর কপালে আঘাতের দাগ স্পষ্ট। পাশাপাশি মহিলার শরীরের একাধিক জায়গায় নখের আঁচড়ের দাগও পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকেই তরুণী বধূর কাকা শ্বশুর পলাতক ছিল। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে মৃতের কাকা শ্বশুর সুনীল ত্রিপুরাকে আটক করে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ কাকা শ্বশুরের সঙ্গে মৃত গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। স্বামীর পরিবার বিষয়টি জানতে পারলেই বাধে গণ্ডগোল।
স্থানীয় সূত্রে খবর, বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতেই কয়েকদিন সালিশি সভাও বসেছিল। ঘটনাস্থল থেকে কাকা শ্বশুরের জুতো ও হাতের তাবিজ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাচ্চাটির ডিএনএ টেস্ট করে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ।