
পূজা এবং দিলীপ খেদকার
শেষ আপডেট: 13 July 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের। একে তো তাঁর বিরুদ্ধে ভুয়ো নথি জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ, তারওপর পদের অপব্যবহার করার ইস্যুতে বদলিও করা হয়েছে। এরই মাঝে তাঁর মা এবং বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে অন্য একটি বিষয়ে। এতকিছুর মধ্যেও মেয়েকে সমর্থন করছেন পূজার বাবা দিলীপ খেদকার। তাঁর স্পষ্ট বক্তব্য, কোনও অপরাধ ছাড়াই তাঁর মেয়েকে হেনস্তা করা হচ্ছে।
পূজার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে তা কার্যত উড়িয়ে দিয়েছেন দিলীপ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি দাবি করেছেন, পূজার দিক থেকে কোনও ভুল হয়নি। অহেতুক তাঁকে আক্রমণ করা হচ্ছে। পূজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ট্রেনি অফিসার হয়েও তিনি নিজস্ব অফিসরুম, গাড়ি, বাড়ি সব দাবি করেছেন। এই বিষয়ে দিলীপের বক্তব্য, ''নিজের বসার জন্য আলাদা জায়গা চাওয়া কি অপরাধ? জোর করে এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি স্পষ্ট বলছি, আমার মেয়ে কোনও দোষ করেনি।'' তবে কেউ একজন পিছন থেকে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাঁর।
এদিকে জমি বিতর্কে নাম জড়িয়েছে পূজার বাবা এবং মায়ের। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুনের গ্রামীণ পুলিশ। তাঁদের ছাড়াও আরও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে অস্ত্র আইনও যোগ করা হয়েছে। হুমকি, ভয় দেখানোর ধারা প্রয়োগ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূজার বাবা মহারাষ্ট্র সরকারের অবসরপ্রাপ্ত অফিসার দিলীপ খেড়কর একটি জমি কিনেছিলেন। স্থানীয়দের অভিযোগ, জমি কেনা নয়, ওই জমি জোর করে দখল নিয়েছিলেন তিনি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, পূজার মা মনোরমা একটি পিস্তল উঁচিয়ে একদল লোককে ভয় দেখাচ্ছেন।
পূজার বাবা দিলীপ যিনি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, পুনের মুলশি তালুকা এলাকায় ২৫ একর জমি কিনেছিলেন। এছাড়াও আরও একাধিক এলাকায় তিনি সম্পত্তি কেনেন যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। তবে সমস্যা দেখা দেয় পুনের ওই জমি নিয়ে। স্থানীয়দের দাবি, ওই জমি কেনার পর আশেপাশে বেশ কিছু কৃষকদের জমিও দিলীপ জোর করে কিনতে গেছিলেন কিন্তু জমির মালিকরা তাতে বাধা দেয়। এরপরই এলাকায় নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে এসে বন্দুক দেখিয়ে পূজার মা মনোরমা ভয় দেখান বলে অভিযোগ।