
ছবিটি প্রতীকি
শেষ আপডেট: 22 January 2025 21:33
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে আগুন লেগেছে। ভয়ে রেল লাইনে ঝাঁপ পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের। মুহূর্তেই উল্টো দিক থেকে সামনে চলে আসে কর্নাটক এক্সপ্রেস। মৃত্যু হয় কমপক্ষে ১২ জনের। এই ভয়াবহ ঘটনাটি মহারাষ্ট্রের জলগাঁও জেলায় হয়েছে বুধবার।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টা নাগাদ জলগাঁওয়ের পাচোঁরা স্টেশনের কাছে লখনউ থেকে মহারাষ্ট্রগামী পুষ্পক ট্রেনের চেইন টানেন কয়েকজন যাত্রী। তাঁদের দাবি ছিল, ট্রেনটিতে নাকি আগুন লেগেছে। গুজবে কান গিয়ে তাঁরা দ্রুত ট্রেন থামিয়ে নেমে পড়েন লাইনে।
উল্টো দিক থেকে সেই মুহূর্তে আসছিল কর্নাটক এক্সপ্রেস। কিছু বুঝে ওঠার আগেই কর্নাটক এক্সপ্রেসের চাকায় পিষ্ট হন কমপক্ষে ১২ জন। সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নিলা জানান, পুষ্পক এক্সপ্রেসের চেইন টানা হয়েছিল। তাতেই এই বিপত্তি।
রেলের তরফে জানানো হয়, ট্রেনে ওই যাত্রীদের একাংশ ধোঁয়া দেখতে পান। তাঁরাই আগুন লাগার খবর ছড়িয়ে দেন। অনেকেই ভয় পেয়ে যান চলন্ত ট্রেনে আগুনের কথা শুনে। তাতেই এই বিপত্তি হয়। ওই ধোঁয়া গরম কিছুর ছিল। আগুন লাগার কোনও প্রমাণ ট্রেনে নেই।
খবর শোনার পর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। কত জন আহত হয়েছেন এই ঘটনায় তা এখনও পর্যন্ত জানা যায়নি।