
বরফে বহু রাস্তা বন্ধ। ব্যাপক যানজট পাহাড়ি শহরগুলোতে
শেষ আপডেট: 25 December 2024 10:53
দ্য ওয়াল ব্যুরো: ক্রিসমাস ও নিউইয়ার্সের ছুটির মেজাজ জমে উঠেছে শিমলা, মানালি সহ কাশ্মীর ও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। ক্রিসমাসের দিন সকালেও একপ্রস্থ তুষারপাতে শিমলা ও মানালি পুরো সাদা হয়ে গিয়েছে। তবে পুরু বরফ পড়ে যাওয়ায় প্রায় আড়াইশোর মতো রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। প্রবল যানজটে আটকে রয়েছেন কয়েকশো মানুষ। অন্যদিকে, পিছল রাস্তায় গাড়ি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ও একজনের আহত হওয়ার খবর মিলেছে।
শিমলা ও মানালি যেন সাদা শহরে পরিণত হয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার ভোর থেকে তুষারপাত হওয়ায় পর্যটকরা ক্রিসমাসের সকালে বেজায় খুশি। জম্মু-কাশ্মীরেরও একাংশে প্রবল বরফ পড়েছে। হিমাচলের অধিকাংশ পর্যটনস্থলের হোটেল ব্যবসায় বহুদিন পর খুশির হাওয়া খেলে বেড়াচ্ছে। হোটেলগুলির প্রায় ৭০ শতাংশই বুকড হয়ে রয়েছে ইয়ারএন্ডের ছুটিতে।
তবে রাস্তায় বেড়াতে বেরিয়ে এবং কাছেপিঠে ঘুরতে গিয়ে বহু পর্যটক যানজটের সমস্যা পড়েছেন। কারণ বরফ পড়ে বহু রাস্তা ইতিমধ্যেই চলাচলের পক্ষে বিপজ্জনক হয়ে গিয়েছে। তাই ঘুরপথে যেতে গিয়ে যানজট লেগে যাচ্ছে। শিমলা হোটেল অ্যান্ড ট্যুরিজম সংগঠনের সভাপতি এমকে শেঠ জানিয়েছেন, শিমলার প্রায় ৭০ শতাংশ হোটেল ভর্তি। ঘর বুকিংয়ে এবছর ৩০ শতাংশ পর্যটক বেশি আসছেন।
Enjoying Snowfall in Chail, Himachal near Shimla ????️???? pic.twitter.com/Ta9y9jZHPR
— Ankit Khanna???? (@ankit_khanna) December 24, 2024
বরফ পড়ে আট্টারি ও লেহ জাতীয় সড়ক, কুলু জেলার সাঞ্জ থেকে আউট, কিন্নৌর জেলার খাব সঙ্গম, লাহুল-স্পিতির গ্রামফুর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অটল টানেলের কাছে শয়ে শয়ে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ-প্রশাসন আনন্দ নির্বিঘ্নে কাটাতে পর্যটকদের কাছে বারবার নিজেরা গাড়ি চালাতে অনুরোধ জানিয়েছে।
এর মধ্যে শিমলায় সবথেকে বেশি ১৪৫টি রাস্তা বন্ধ, ২৫টি রাস্তা বন্ধ কুলুতে, মান্ডিতে ২০ রাস্তা অচল হয়ে গিয়েছে বরফে। ৩৫৬টি ট্রান্সফর্মার ঠান্ডায় বিকল হয়ে যাওয়ায় বহু জায়গা বিদ্যুৎহীন হয়ে রয়েছে।