
শেষ আপডেট: 1 November 2023 11:56
দ্য ওয়াল ব্যুরো: তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ নিয়ে তদন্তে বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হওয়ার কথা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। তার ২৪ ঘণ্টা আগে বুধবার তৃণমূল এমপি এথিক্স কমিটিকে জানালেন তাঁর বিরুদ্ধে ওঠা অপরাধমূলক অভিযোগের তদন্ত করার এক্তিয়ারই নেই তাদের।
কমিটির চেয়ারম্যান বিনোদ কুমার সোনকরকে লেখা চিঠিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেছেন, আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে তদন্ত করতে পারে শুধু কোনও তদন্তকারী এজেন্সি। সংসদের কমিটিকে এই এক্তিয়ার দেননি সংবিধান প্রণেতারা। কমিটিতে একটি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার সম্ভাবনার কথা বিবেচনায় রেখেই সম্ভবত এই পদক্ষেপ করা হয়েছিল।
মহুয়া মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি গিয়েছেন। বৃহস্পতিবার তিনি কমিটির সামনে হাজির হবেন বলে জানান। তিনি চেয়েছিলেন ৪ নভেম্বরের পর তাঁকে ডাকা হোক। কিন্তু কমিটির চেয়ারমান তাঁকে ২ নভেম্বর তলব করেছেন। আগে ৩১ অক্টোবর তাঁকে কমিটির মুখোমুখি হতে বলা হয়েছিল।
এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মহুয়া বৃহস্পতিবার কমিটির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত বদল করেছেন কি না তা এখনও স্পষ্ট নয়। কমিটির চেয়ারম্যান বিজয় সোনকর তাঁর চিঠির জবাবে কী বলেন, সেই ব্যাপারেও কৌতূহল তৈরি হয়েছে।
মহুয়া এবং আরও একাধিক সাংসদ ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন, কমিটিতে বিজেপির সাংসদেরা সংখ্যাগরিষ্ঠ থাকায় সুবিচার পাওয়া অনিশ্চিত। এমন অভিযোগও উঠেছে, একাধিক সাংসদের বিরুদ্ধে একই অভিযোগ থাকা সত্ত্বেও তৃণমূল সাংসদের বিষয়েই কমিটির চেয়ারম্যান বেশি তৎপর। যদিও ২০০৫-এ লোকসভার ১০ এবং রাজ্যসভার দুই সংদস্যের বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগের তদন্ত সংসদের কমিটিই করেছিল। কমিটির সুপারিশেই সদস্যপদ খারিজ হয় তাঁদের।
মহুয়া বুধবার চেয়ারম্যানকে লেখা চিঠিতে ফের দাবি করেছেন অভিযোগকারী দর্শন হীরানন্দানিকে তিনিও জেরা করতে চান। কমিটি এখনও সে ব্যাপারে উচ্চবাচ্য করেনি। বিজেপি এমপি নিশিকান্ত দুবে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন, শিল্পপতি দর্শনের কাছ থেকে টাকা, উপহারের বিনিময়ে তৃণমূল সাংসদ সংসদে গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন করতেন। এমনকী দর্শনকে তিনি সাংসদদের দেওয়া সংসদের পোর্টালের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছেন।