.webp)
মন্ত্রপূত অগ্নি-আহুতি দিয়ে ও পবিত্র জল দিয়ে মন্দির ধুয়ে পবিত্র করার কাজ করা হয়।
শেষ আপডেট: 23 September 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতির প্রসাদী লাড্ডুতে গোরা-শুয়োরের চর্বি মেশানো ঘি ব্যবহারের ঘটনায় সোমবার 'মহাশান্তি হোমম' অর্থাৎ শ্রীবেঙ্কটেশ্বর স্বামী মন্দির ও পাকশালা চত্বর পবিত্র করল তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ। এই মহাশান্তি হোমে টিটিডি-র এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য ট্রাস্টি সদস্য এবং পুরোহিতরা অংশ নেন।
হিন্দু ধর্মীয় রীতি-আচার মেনে যজ্ঞশালার তিনটি হোমকুণ্ড স্থাপন করা হয়। সেখানে মন্ত্রপূত অগ্নি-আহুতি দিয়ে ও পবিত্র জল দিয়ে মন্দির ধুয়ে পবিত্র করার কাজ করা হয়। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর পরামর্শে আগম উপদেষ্টা এবং পেড্ডা জিয়াঙ্গরের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই বিশেষ পুজোপাঠ হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর অগস্টে তিরুপতি মন্দিরে বার্ষিক পবিত্রোৎসবম অনুষ্ঠিত হয়। সেখানেও একইভাবে কোনও অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মন্দির বা দেবস্থান অপবিত্র হয়ে থাকলে সেই দোষ স্খালন করতে হোমযজ্ঞ করে দোষমুক্ত করা হয়।
এদিন শান্তি হোম করার পর এক্সিকিউটিভ অভিসার ঘোষণা করেন, মন্দির চত্বর পবিত্র করতে পঞ্চগব্য ছড়ানো হবে। এতে মন্দির আরও পবিত্র হবে বলে হিন্দু ধর্মে বিশ্বাস। তিনি বলেন, হিন্দু ধর্মবিশ্বাসীদের কাছে এই আচার পালনে আরও বিশ্বাস ও আস্থা ফিরে আসবে।
এর আগেই মন্দিরের আচার-অনুষ্ঠান তদারককারী বৈদিক পণ্ডিতদের নিয়ে গঠিতে আগম উপদেষ্টা ও পুরোহিতরা পাকশালা পবিত্র করতে যজ্ঞ করার পরামর্শ দিয়েছিলেন। এভাবে বেঙ্কটেশ্বর স্বামীর কাছে প্রায়শ্চিত্ত করে অপরাধ খণ্ডনের চেষ্টা করার বিধি আছে। এক বৈঠকে ঠিক হয়, মহাশান্তি ও বাস্তু হোম করা হবে। সেই সঙ্গে দিনভর বেদপাঠ ও মন্ত্রপাঠ করে শান্তি ও পবিত্রতা ফিরিয়ে আনা হবে মন্দিরের।