.webp)
জয়রাম রমেশের এক্সবার্তায় মোদীর ছবি।
শেষ আপডেট: 8 May 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: আম্বানি-আদানির কালো টাকা গ্রহণ করা নিয়ে রাহুল গান্ধীকে গিলোটিনে তোলার কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদে গর্জে উঠল কংগ্রেস। বুধবার দুপুরে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক এক্সবার্তায় কড়া ভাষায় জবাব দিলেন মোদীর। জয়রাম কটাক্ষের ভাষায় লিখেছেন, 'হাম দো হামারে দো'র 'পাপ্পা' ভোটের এমন উত্তাল ঢেউ দেখতে পাচ্ছেন যে, নিজেরই সন্তানের দিকে মুখ ঘোরালেন। জয়রামের এই কথার অর্থ হল, মোদী-শাহ জুটি ভোটের দেওয়াল লিখন পড়তে পারছেন, তাই শেষমেশ তাঁদেরই সন্তান আদানি-আম্বানিদের নাম মুখে আনলেন।
জয়রাম রমেশ বলেছেন, ২০২৩ সালের ২৮ জানুয়ারি থেকে কংগ্রেস মোদানি কেলেঙ্কারির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি তুলে আসছে। আমরা একই দাবি তুলেছি ২৩ এপ্রিল নির্বাচন শুরুর পরেও। মাত্র পাঁচদিন আগে ৩ মেতেও একই কথা বলা হয়েছে।
এরপরেই রাহুলের প্রসঙ্গ টেনে রমেশ বলেন, রাহুল গান্ধী এ পর্যন্ত তাঁর বক্তৃতায় ১০৩ বারের বেশি আদানির নাম এবং আম্বানির নাম ৩০ বারের বেশি উল্লেখ করেছেন। রমেশের দাবি, আগামী ৪ জুন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। তারপরেই যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে। মোদানি কেলেঙ্কারির তদন্তই হবে নতুন সরকারের প্রথম কাজ।
কংগ্রেস নেতার অভিযোগ, মোদানি কেলেঙ্কারিতে অন্তত ২ লক্ষ কোটি টাকা জড়িত। রমেশের আরও দাবি, অন্তিম পরাজয় এগিয়ে আসছে। প্রধানমন্ত্রী এখন নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন। মোদীর একটি ছবি দিয়ে হিন্দিতে লিখেছেন, অপনি পরছাই সে ভি ডরতে হ্যায়।
জয়রাম রমেশের অভিযোগ, নির্বাচনী বন্ডে একজন মানুষ তাঁর দলের জন্য ৮২০০ কোটি টাকা সংগ্রহ করেছেন। এই বন্ডকে সুপ্রিম কোর্ট পর্যন্ত অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। আজ তিনিই অন্যদের বিরুদ্ধে অভিযোগের তির ছুড়ছেন। প্রধানমন্ত্রী এই চাঁদা নেওয়ার পরিবর্তে তাঁদের ৪ লক্ষ কোটি টাকার ঠিকাদারি ও লাইসেন্স তুলে দিয়েছেন। আজ ৭০ কোটি ভারতবাসীর মিলিত সম্পদের পরিমাণ যে ২১ জনের হাতে রয়েছে, তার একমাত্র কারণ প্রধানমন্ত্রীর নীতি ও সদিচ্ছা, লিখেছেন রমেশ।
উল্লেখ্য, এদিন সকালে তেলঙ্গানায় ভোটপ্রচারে গিয়ে এই প্রথমবার রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে আদানি-আম্বানিদের কাছ থেকে কালো টাকা নেওয়ার অভিযোগ তোলেন মোদী। তিনি বলেন, যে শাহজাদা কথায় কথায় আদানি-আম্বানিদের কাঠগড়ায় তুলতেন, তিনি হঠাৎ রাতারাতি চুপ মেরে গেলেন কেন? এর পিছনে রহস্যটা কী? ওদের জিজ্ঞাসা করুন, ভোটের খরচ তুলতে কত ট্রাক কালো টাকা নিয়ে মুখ বন্ধ করেছেন রাহুল! মোদীর এই ভাষণের পরেই তেড়েফুঁড়ে জবাব দিতে আসরে নেমে পড়ে কংগ্রেস।