
শেষ আপডেট: 6 April 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েক দিনের ব্যবধানে ছত্তিসগড়ে ফের মাওবাদীদের মৃত্যু। শনিবার বিজাপুরের জঙ্গলে গুলির লড়াইয়ে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বিজাপুরে যৌথ অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা পুলিশের বিশেষ দল ও মাওবাদী বিরোধী ফোর্স। ছত্তিশগড়ে তেলঙ্গানার সীমানা সংলগ্ন বিজাপুর জেলায় পুজারী কাঙ্কের জঙ্গলে তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিল ছত্তীসগঢ় পুলিশের একটি বাহিনীও। যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে তিন মাওবাদী মারা যায়। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। মাওবাদী দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন রয়েছে বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রে। নির্বাচনের আগে যাতে কোনও রকম সন্ত্রাসের ঘটনা না হয় সেজন্য লাগাতার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
এর আগে গত মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুরের লেন্ড্রা গ্রামে মাওবাদীদের খোঁজে তল্লাশিতে নামে যৌথবাহিনী। ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা ব্যাটেলিয়নের যৌথ অভিযানে সেদিন ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়। নিহতদের তালিকায় তিন জন মহিলাও ছিলেন। তারপর বিজাপুরের জঙ্গলে নতুন করে অভিযান চালিয়েছে পুলিশ। শীর্ষ স্তরের মাওবাদী নেতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই চলে এই অভিযান।