
শেষ আপডেট: 24 December 2023 22:50
দ্য ওয়াল ব্যুরো: ফের পুলিশ-মাওবাদী গুলির লড়াই। এবার ঘটনাস্থল ছত্তিসগড়ের বস্তার অঞ্চলের দান্তেওয়াড়া জঙ্গল।পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন মাওবাদীর।
পুলিশ সূত্রের খবর, রবিবার মাওবাদীদের গতিবিধির বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ ছত্তিসগড় পুলিশের সঙ্গে মাওবাদীদের একটি দলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই। এতেই মৃত্যু হয় তিন মাওবাদীর। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে তাঁরা জঙ্গলে গা ঢাকা দিয়েছে পুলিশের অনুমান।
কাতেকল্যাণ পুলিশ থানার নিকটবর্তী দাব্বাকুন্না গ্রামের কাছে একটি পাহাড়ি অঞ্চলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনাটির প্রসঙ্গে বস্তার পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, পুলিশ দান্তেওয়াড়া-সুকমা সীমানার কাছে যখন অভিযান চালাচ্ছে, তখনই আচমকা গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা থেমে থাকেনি পুলিশও। দীর্ঘক্ষণ পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াই চলে। পরে তিন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।
এলাকায় তল্লাশিতে দেখা যায়, অস্ত্র সহ তিন মাওবাদীর দেহ পড়ে রয়েছে। মৃত মাওবাদীদের পরিচয় পাওয়া যায়নি। গোটা এলাকা ঘিরে ধরে চলছে পুলিশের তল্লাশি অভিযান। সংঘর্ষের ওই এলাকা থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে জানিয়েছে পুলিশ।