
যোগী আদিত্যনাথ ও বাবা সিদ্দিকি।
শেষ আপডেট: 3 November 2024 11:52
দ্য ওয়াল ব্যুরো: 'দশ দিনের মধ্যে ইস্তফা না দিলে বাবা সিদ্দিকির মত হাল করা হবে'। উড়ো ফোনে মুম্বই পুলিশের মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুঁশিয়ারি দেওয়া হল। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মুম্বই পুলিশের অন্দরমহলে।
নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে যোগী আদিত্যনাথের। ফোনের সূত্র ধরে হুমকির নেপথ্যে কারা রয়েছে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, হুমকি ফোনের নেপথ্যে বাবা সিদ্দিকি খুনে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত থাকতে পারে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধেয় মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ভারী গলায় হুমকিতে বলা হয়, '১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে যোগী আদিত্যনাথকে।' স্বভাবতই, খুনের হুমকির নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
গত ১২ অক্টোবর পুত্র জিশানের অফিসের বাইরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল বাবা সিদ্দিকির। ওই খুনের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে বলে আগেই জানিয়েছে মুম্বই পুলিশ। সিদ্দিকি খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতারও করা হয়েছে।
মুম্বই পুলিশের তরফে হুমকিবার্তা সম্পর্কে উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করা হয়েছে। তারপরই যোগী আদিত্যনাথের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে খবর।