
হোটেলে চলছে তল্লাশি - ফাইল ছবি
শেষ আপডেট: 26 October 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক সপ্তাহ ধরে বিমানে বোমা থাকার ভুল খবর ছড়াচ্ছিল। তা নিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনা রোধে কড়া ব্যবস্থাও নিয়েছে। এবার পরপর বিলাসবহু হোটেলে বোমাতঙ্ক ছড়াল। গুজরাটের এই ঘটনায় তড়িঘড়ি তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
রাজকোটে ১০টি বিলাসবহুল হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছে। 'বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে' - এই হুমকি দিয়ে হোটেল কর্তৃপক্ষগুলিকে ইমেল পাঠানো হয়েছে। পরপর এতগুলি হোটেলে এমন ইমেল আসার পরই সঙ্গে সঙ্গে পুলিশ জানায় কর্তৃপক্ষ। পুলিশও পদক্ষেপ নিতে দেরি করেনি। তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ইতিমধ্যে। দু’দিন আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মন্দির সংলগ্ন কয়েকটি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। তার সঙ্গে এই ঘটনার কোনও যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, একাধিক দল তৈরি করে সব হোটেলের ঘর, পার্কিং, লবি সহ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। বম্ব স্কোয়াডের পাশাপাশি রয়েছে স্নিফার ডগ। পরপর এতগুলি হোটেলে হুমকি-বার্তা আসায় শহরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি তল্লাশি থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
বিমান, হোটেল শুধু নয় সাম্প্রতিক সময়ে স্কুল-কলেজেও এমনই হুমকি বার্তা এসেছে। কলকাতা থেকে শুরু করে দিল্লি, মুম্বই সহ একাধিক শহরের স্কুলে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও দেখা গেছে, পুরোটাই ভুয়ো। কোনও বোমাই পাওয়া যায়নি। কিন্তু বারবার এমন ঘটনা কেন ঘটছে তার কোনও উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ বা গোয়েন্দারা। বিমানের ক্ষেত্রে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে একজন গ্রেফতারও হয়। কিন্তু বাকি ক্ষেত্রে সেইভাবে কাউকে চিহ্নিতও করতে পারেনি পুলিশ। তাই আতঙ্ক আরও বাড়ছে।