
শেষ আপডেট: 29 January 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: রাস্তা জানা ছিল না। অতএব ভরসা গুগল ম্যাপ। এই গুগল ম্যাপে সবচেয়ে শর্টকাট রাস্তা খুঁজে যেতে গিয়েই একেবারে নাস্তানাবুদ হতে হল তিন বন্ধুকে। এসইউভি নিয়ে ঘোর বিপদে পড়লেন তাঁরা। গুগল ম্যাপ দেখে ডাইনে-বাঁয়ে ঘুরতে ঘুরতে একেবারে খাড়াই সিঁড়ির মুখে এসে হোঁচট খেল তাঁদের গাড়ি।
ঘটনা গুডালুর নামক একটি জায়গার। তামিলনাড়ুর পাহাড়ি ছোট্ট শহর গুডালুর। পর্যটকদের বেশ আকর্ষণের জায়গা। তামিলনাড়ু, কেরল ও কর্নাটকের মাঝখানে পড়ে গুডালুর। এমন হিল টাউনে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কয়েকদিনের ছুটি কাটাতে দিব্যি গুডালুরে বেরিয়ে আসা যায়। কর্নাটকের তিন বন্ধুও গুডালুরে গিয়েছিলেন ঘুরতে। সঙ্গে ছিল তাঁদের এসইউভি। রোড ট্রিপেই বেরিয়েছিলেন তাঁরা। গুডালুরে সময় কাটিয়ে আবার কর্নাটক ফেরার সময়েই গণ্ডগোলটা বাঁধে।
গডালুর থেকে কর্নাটকের রাস্তা সঠিকভাবে জানা ছিল না। তাই ড্রাইভার গুগল ম্যাপ খুলে বসেন। খুব তাড়াতাড়ি পৌঁছতে গুগল ম্যাপে শর্টকাট রাস্তা খোঁজা হয়। সেই রাস্তাও পাওয়া যায়। গুগল ম্যাপ দেখে ডাইনে-বাঁয়ে ঘুরতে ঘুরতেই শেষে এমন এক বাঁক নেন চালক যা খাড়াই সিঁড়িতে গিয়ে শেষ হচ্ছে।
ঠিক কানাগলিতে গিয়ে গাড়ি আটকানোর মতো দশা হয় তাঁদের। নিজের বুদ্ধি কাজে না লাগিয়ে একেবারে অন্ধভাবে গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে সিঁড়ির মুখে গিয়ে আটকে যায় গাড়ি। সেখান থেকে না এগনোর রাস্তা ছিল না পেছনোর। শেষে এলাকার লোকজন ও পুলিশ এসে উদ্ধার করে তাঁদের।
যে এলাকায় গিয়ে গাড়িটি আটকে পড়েছিল সেটি বসতি এলাকা। সামনেই ছিল পুলিশ কোয়ার্টার। গাড়ির অবস্থা দেখে স্থানীয়রা বেরিয়ে আসেন। পুলিশও আসে। তাঁরাই সাহায্য করেন চালককে। কিন্তু গাড়িটিকে শেষমেশ সিঁড়িতে হোঁচট খেতে খেতে নামতে হয়। তারপর এলাকাবাসীরাই কর্নাটকে যাওয়ার সঠিক রাস্তা দেখিয়ে দেন।