
শেষ আপডেট: 21 December 2023 19:39
দ্য ওয়াল ব্যুরো: এই শীতে সর্দি-কাশিতে বেশি ভোগে বাচ্চারা। এখন ঘরে ঘরে ভাইরাল জ্বরও হচ্ছে। সর্দি-কাশি হলে ছোট বাচ্চাদের যে অ্য়ান্টিবায়োটিক গোত্রের ওষুধ খাওয়ানো হয় তার কয়েকটি মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। চার বছরের নীচে শিশুদের জন্য এমন কয়েকটি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাজারে বিক্রি বন্ধ করছে সরকার।
সর্দি-কাশি সারানোর অনেকরকম কম্বিনেশন ওষুধ আছে বাচ্চাদের। তার মধ্যে সবচেয়ে বেশি যে ওষুধটি খাওয়ানো হয় তা হল ক্লোরফেনিরামিন ও ফেনাইলফ্রিন। এই দুই ওষুধই নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা।
এই ক্লোরফেনিরামিন হল একটি অ্যান্টিহিস্টামাইন ওষুধ যা অ্য়ালার্জি, অ্যালার্জিক রাইনিটিস, অ্যালার্জিক কনজেক্টিভাইটিস সহ বিভিন্ন অ্যালার্জির প্রতিক্রিয়ার চিকিৎসায় কাজে লাগে। শ্বাসের সংক্রমণ, শরীরে অ্যালার্জিজনিত প্রদাহ, সাইনাসের সমস্যা থাকলেও এই ড্রাগ কম্বিনেশনের ওষুধ দেওয়া হয় বাচ্চাদের। এই ওষুধ নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি ক্লোরফেনিরামিন ও ফেনাইলফ্রিন ওষুধের কম্বিনেশন অনেক কাফ সিরাপেও ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই কম্বিনেশন কোনও ওষুধ বা কাফ সিরাপে থাকলে সেগুলিও বাচ্চাদের খাওয়ানো যাবে না। কারণ এই কম্বিনেশনের প্রভাব এতটাই ক্ষতিকর হচ্ছে যা বাচ্চাদের শরীরে ক্ষতি করতে পারে।
সিডিএসসিও সূত্রে জানা গিয়েছে, কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকলে তা নিষিদ্ধ করা হয়। যেমন কোনও ওষুধ খেয়ে যদি রোগীর কিডনি বা লিভার ক্ষতিগ্রস্ত হয়, তা বন্ধ করা হয়। কোনও ওষুধ যদি রোগ সারাতে না পারে, তা হলে তা নিষিদ্ধ করে দেয় সিডিএসসিও। কোনও ওষুধে ভেজাল থাকলে বা কোনও ওষুধ সঠিক প্রক্রিয়া মেনে তৈরি করা না হলে তা নিষিদ্ধ করা হয়। যেমন অনেক কাফ সিরাপ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গাইডলাইন মেনে তৈরি হয়নি তা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন আগেই।
অনেক সময় দুই বা তার বেশি ড্রাগ নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে একটি ওষুধ তৈরি করা হয়। একে বলে কম্বিনেশন ড্রাগ বা ডাক্তারি ভাষায় ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি)। এই ধরনের ওষুধ অনেক সময়ই নিরাপদ হয় না। গাইডলাইন মেনে তৈরিও করা হয় না। ফলে এই ধরনের ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তখন তা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিষিদ্ধ করে দেওয়া হয়। এ বছর মোট ১৪টি এফডিসি নিষিদ্ধ হয়েছে। তার মধ্যে ক্লোফেনাইরামাইন ম্যালিয়েট, ফিনাইলেফ্রাইন হাইড্রোক্লোরাইড, ক্যাফেইনের মিশ্রণও নিষিদ্ধ হয়েছে।