.webp)
তদন্তের কাজে আরও সময় লাগবে।
শেষ আপডেট: 17 September 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডে শুনানিতে ডাক্তারদের তরফে প্রবীণ কৌঁসুলি ইন্দিরা জয়সিং বলেন, অপরাধের ঘটনাস্থলে আরও কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন। আমরা তাঁদের নাম সিবিআইয়ের কাছে মুখবন্ধ খামে দিতে চাই। যা আদালতের সামনে বা প্রকাশ্যে আনতে চাইছি না। চন্দ্রচূড় তার জবাবে বলেন, তদন্তের কাজে আরও সময় লাগবে। সিবিআইকে আমাদের সময় দেওয়া উচিত। সত্যকে খুঁজে বের করতে তাদের প্রয়োজনীয় সময় প্রয়োজন।
প্রধান বিচারপতি মঙ্গলবার আরও বলেন, নির্যাতিতার বাবার কিছু নির্দিষ্ট বিষয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। আমরা গোপনীয়তার জন্য সেই দরখাস্ত প্রকাশ করছি না। তবে সিবিআইয়ের পক্ষে তা অত্যন্ত মূল্যবান তথ্য হতে পারে। এমনিতেই পাঁচদিন দেরি হয়ে যাওয়ায় তদন্ত ব্যাহত হয়েছে বলে মনে করেন তিনি।
সলিসিটর জেনারেল তুষার মেহতা উল্লেখ করেন, একটি বিশেষ উদ্বেগের বিষয় রয়ে গিয়েছে। তা হল #Wikipedia-য় নির্যাতিতা নাম ও ছবি এখনও রয়ে গিয়েছে। তার উত্তরে প্রধান বিচারপতি বলেন, আমরা নিশ্চই নির্দেশ দেব যাতে ওখানে নির্যাতিতার কোনও পরিচয় আর না থাকে।
সুপ্রিম কোর্টে এদিন বেলায় শুরু হয় আর জি কর কাণ্ডের শুনানি। শুরুতেই রাজ্য সরকারের তরফে কৌঁসুলি কপিল সিবাল শুনানির সরাসরি সম্প্রচারে আপত্তি জানান। কিন্তু, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একবাক্যে সেই প্রস্তাব নাকচ করে দেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার রাত পর্যন্ত বৈঠকে ইতিবাচক মীমাংসার পর মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চে সিবিআই এদিন নতুন স্ট্যাটাস রিপোর্ট দাখিল করে। অন্যদিকে, আর জি কাণ্ডে রাজ্য সরকার দাবিদাওয়া মেনে নেওয়ার পরেও কর্মবিরতি নিয়ে সর্বোচ্চ আদালত কী বলে সেদিকে সকলের চোখ রয়েছে।
সিবাল তাঁর যুক্তিতে বলেন, রাজ্যের পক্ষে যে আইনজীবীরা রয়েছেন, তাঁদের সমাজমাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। মহিলা আইনজীবীদের অ্যাসিড ছুড়ে মারা হবে, ধর্ষণ করা হবে হুমকি আসছে। সিবাল বলেন, আমরা অভিযুক্তের পক্ষের আইনজীবী নই। তাঁর জবাবে প্রধান বিচারপতি বলেন, এটা জনস্বার্থের প্রশ্ন। এটা মুক্ত আদালত। তবে বিষয়টি বিবেচনা করছি।