
বরুণ গান্ধী - প্রতীকী চিত্র
শেষ আপডেট: 20 March 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: ১৯ এপ্রিল উত্তর প্রদেশে প্রথম দফায় যে আট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, পিলিভিট তার অন্যতম। সেখানকার বর্তমান সাংসদ বিজেপির বরুণ গান্ধী। বাকি সাত কেন্দ্র হল সাহারানপুর, কাইরানা, মুজফফ্নগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ এবং রামপুর।
এরমধ্যে বিজেপি এখনও পিলিভিটের প্রার্থী ঘোষণা করেনি। জল্পনা আছে দল এবার বর্তমান সাংসদ গান্ধী পরিবারের সন্তান বরুণকে টিকিট দেবে না। বাদ পড়তে পারেন তাঁর মা সুলতানপুরের সাংসদ মেনকা গান্ধীও।
বুধবার পিলিভিট নিয়ে আরও চমকপ্রদ খবর এসেছে। জানা যাচ্ছে, বরুণ গান্ধীর তরফে পিলিভিট থেকে চার সেট মনোনয়পত্র তোলা হয়েছে। বরুণকে টিকিট না দেওয়ার সম্ভাবনা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে তাঁর লাগাতার কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের সমালোচনার কারণে। রাজনৈতিক মহলের একটি মত হল, বরুণ প্ল্যান ‘এ’ ও ‘বি’ তৈরি রাখছেন। আজকালের মধ্যেই বিজেপি পিলিভিটের প্রার্থী ঘোষণা করবে। তাঁকে টিকিট না দেওয়া হলে বদলা নিতে তিনি পিলিভিট থেকেই নির্দল প্রার্থী হতে পারেন।
বরুণের অমেঠি থেকে কংগ্রেস ও সমাদবাদী পার্টির টিকিটে প্রার্থী হওয়ার জল্পনাও আছে। সমাজবাদী পার্টি এমনটাই চাইছে। রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীরা অমেঠি, রায়রেরলি থেকে লড়াই না করলে গান্ধী পরিবারের সঙ্গে ওই আসন দুটির সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কারণ, রায়বেরলির বর্তমান সাংসদ সনিয়া গান্ধী শারীরিক কারণে এবার আর প্রার্থী হচ্ছেন না। বরুণ অমেঠিতে প্রার্থী হলে তবু গান্ধী পরিবারের সঙ্গে একটি আসনের যোগ থাকবে। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ওই আসনের সাংসদ ছিলেন রাহুল গান্ধী। গতবার তিনি বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান।
প্রয়াত কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর পুত্র বরুণ ও তাঁর মা মেনকাকে নিয়ে বিজেপি নেতৃত্ব বেশ কিছু দিন ধরেই বিড়ন্বনায় আছে। বিশেষ করে বরুণের নানা কথায় দল অস্বস্তিতে পড়েছে। ফলে দলের নেতাদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে। তবে সাংসদ হিসাবে এলাকায় তিনি বেশ জনপ্রিয়। অনেকে মনে করছেন, শেষ পর্যন্ত মা ও ছেলে, দু’জনের টিকিট নাও কাটা হতে পারে। বরুণকে টিকিট দেওয়া হতে পারে। বয়সের কারণে মানেকাকে এবার বাদ দিতে পারে পার্টি।